Published : 30 Sep 2025, 04:14 PM
২০২১ সালে বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ ও স্থগিত হয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। ওই বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানীদাতা হিসাবে নিষেধাজ্ঞা ব্যাপক পরিসরে সঠিক সিদ্ধান্ত বলে স্বীকৃত হলেও, সে কারণে এক্স ও মেটার পর এবার জরিমানা গুনতে হল ইউটিউবকে।
ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলা নিষ্পত্তিতে দুই কোটি ৪৫ লাখ ডলার দিতে রাজি হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব।
এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার পর ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ইউটিউব। এরপর কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প।
এ চুক্তির ফলে ইউটিউবের মূল কোম্পানি গুগল হয়ে উঠল শেষ বড় প্রযুক্তি কোম্পানি, যারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আনা বিভিন্ন মামলার মীমাংসা করল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
২০২১ সালের জুলাইয়ে এসব কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। তার অভিযোগ ছিল, কনজারভেটিভ বা রক্ষণশীল মতামত অন্যায়ভাবে দমন করার চেষ্টা করছে এসব প্রযুক্তি কোম্পানি।
একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, যা বর্তমানে এক্স নামে পরিচিত, ফেইসবুকের মূল কোম্পানি মেটা, মার্কিন সার্চ জায়ান্ট গুগল এবং এসব কোম্পানির প্রধান নির্বাহীদের বিরুদ্ধেও মামলা করেছিলেন ট্রাম্প।
এ বছরের শুরুতেই এসব মামলা রফা করতে অর্থ দিয়ে সমঝোতায় পৌঁছেছে মেটা ও এক্স।
ইউটিউবের সঙ্গে হওয়া এ সমঝোতায় ট্রাম্পকে যে ২ কোটি ২০ লাখ ডলার দেওয়া হচ্ছে তা যাবে ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’ নামের এক অলাভজনক প্রতিষ্ঠানের কাছে।
সোমবার আদালতের নথি অনুসারে, এ প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসে ট্রাম্প যে ২০ কোটি ডলারের এক বলরুম বা নাচঘর নির্মাণ করছেন তার জন্য কাজ করছে।
এ ৯০ হাজার বর্গফুট বা প্রায় ৮ হাজার ৩৬১ বর্গমিটার আকারের ভবনের নির্মাণ কাজ ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের চার বছরের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হওয়ার ‘অনেক আগেই’ শেষ হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বাকি অর্থ মামলার অন্যান্য অভিযোগকারীরা পাবে, যার মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন, যা ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এর আয়োজন করে ও আমেরিকান লেখিকা নাওমি উলফ।
তবে এ মামলায় কোনো ভুল স্বীকার করেনি ইউটিউব এবং এ সমঝোতার অংশ হিসেবে তারা নিজেদের কোনো পণ্য বা নীতিও পরিবর্তন করবে না বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
২০২১ সালে নিজের ইউটিউব অ্যাকাউন্ট না হারালেও প্লাটফর্মটিতে নতুন ভিডিও আপলোড করা থেকে স্থগিত করা হয়েছিল ট্রাম্পকে, পরে ২০২৩ সালে তার অ্যাকাউন্ট আবার চালু করে ইউটিউব।
এর আগে, এ বছরের জানুয়ারিতে মামলা রফা করতে ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে হয়েছে মেটাকে এবং একই বছরের ফেব্রুয়ারিতে প্রায় এক কোটি ডলার দিয়েছে এক্সও।
মেটার সমঝোতার মধ্যে ট্রাম্পের জন্য বরাদ্দ অর্থ ফ্লোরিডার মিয়ামিতে নির্মাণাধীন আসন্ন প্রেসিডেন্টিয়াল লাইব্রেরির জন্য ২ কোটি ২০ লাখ ডলার আলাদা করে রাখা হয়েছে।
আরও পড়ুন…