০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নীরবেই পুরনো আইফোনের দাম ১০০ ডলার বাড়াল অ্যাপল

অ্যাপলের নতুন ডিভাইসের আকর্ষণ ধরে রেখে নীরবেই পুরানো ও আগের প্রজন্মের ডিভাইসগুলোর দাম বাড়িয়ে দেওয়ার এ কৌশল প্রযুক্তি বাজারে আলোচনার জন্ম দিয়েছে।

নীরবেই পুরনো আইফোনের দাম ১০০ ডলার বাড়াল অ্যাপল
নতুন এ পরিবর্তনের ফলে আইফোন ১৬-এর বর্তমান দাম ৬৯৯ ডলার থেকে বেড়ে ৭৯৯ ডলারে দাঁড়িয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 02:37 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

এবারের ইভেন্টে নতুন ডিভাইসের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিলেও ব্যবহারকারীদের চমকে দিয়ে নীরবেই নিজেদের পুরনো প্রজন্মের সব আইফোনের দাম ১০০ ডলার করে বাড়িয়েছে অ্যাপল।

বহুল প্রতীক্ষিত আইফোন ডুও উন্মোচন অনুষ্ঠানে অ্যাপল বিশেষ গুরুত্ব দিয়ে বেশ কয়েকবার বলেছে, তাদের কিছু নতুন ডিভাইসের দাম বাড়ানো হয়নি।

যেমন, অ্যাপল ওয়াচ ১২ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ উভয় ডিভাইসেরই শুরুর দাম আগের সংস্করণের মতোই যথাক্রমে ৩৯৯ ও ৭৯৯ ডলারে অপরিবর্তিত রাখা হয়েছে।

তবে অনুষ্ঠানে কোম্পানিটি একটি বিষয় সুকৌশলে এড়িয়ে গেছে, যেখানে তাদের পুরনো আইফোনগুলোর দাম গতকালের তুলনায় এখন বেড়েছে।

দামবৃদ্ধির বিষয়টি প্রথম নজরে এনেছে প্রযুক্তি সাইট ভার্জ। প্রতিবেদনে দেখা গেছে, অ্যাপল বর্তমানে বাজারে থাকা তাদের আগের প্রজন্মের সব আইফোনের দাম এক লাফে ১০০ ডলার করে বাড়িয়েছে।

নতুন এ পরিবর্তনের ফলে আইফোন ১৬-এর বর্তমান দাম ৬৯৯ ডলার থেকে বেড়ে ৭৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ডিভাইসটি পুনরায় এর ২০২৪ সালের প্রথম বাজারে আসার দামে ফিরে গেল, যা কিছুদিন আগে আইফোন ১৭ বাজারে আসার পর কমানো হয়েছিল।

এদিকে, আইফোন ১৭ সিরিজের ক্ষেত্রেও দাম বাড়ানোর এ নীতি ধরে রেখেছে অ্যাপল। নতুন আইফোন ১৭ই মডেলটির দাম এ বছরের শুরুতে ৫৯৯ ডলার থাকলেও এখন তা বেড়ে ৬৯৯ ডলার হয়েছে।

পাশাপাশি, ২৫৬ জিবি স্টোরেজওয়ালা মূল আইফোন ১৭-এর বর্তমান দাম ৭৯৯ ডলারের পরিবর্তে এখন নির্ধারিত হয়েছে ৮৯৯ ডলার। বহুল আলোচিত আইফোন এয়ার-এর দামও ৯৯৯ ডলার থেকে বেড়ে ১০৯৯ ডলার হয়েছে।

অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসের আকর্ষণ ধরে রেখে নীরবেই পুরনো ও আগের প্রজন্মের ডিভাইসগুলোর দাম বাড়িয়ে দেওয়ার এ কৌশল প্রযুক্তি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আইফোনসহ অন্যান্য পুরনো ডিভাইসের দাম বাড়ানো হলেও জনপ্রিয় ওয়্যারলেস ইয়ারবাড এয়ারপডসের ক্ষেত্রে দামবৃদ্ধি ঘটায়নি মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।

নতুন উন্মোচিত এয়ারপডস প্রো ৩-এর দাম আগের মতোই ২৪৯ ডলার। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ডিভাইসটিতে কোনো অনবোর্ড মেমোরি বা স্টোরেজ যোগ না থাকার কারণেই সম্ভবত এর দাম বাড়ানোর পথে হাঁটেননি নির্মাতারা।