Published : 31 Jan 2026, 02:44 PM
মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া’র তৈরি শক্তিশালী চিপ কেনার জন্য চীনের শীর্ষ এআই স্টার্টআপ ডিপসিক’কে সবুজ সংকেত দিয়েছে বেইজিং।
রয়টার্সের তথ্য অনুসারে, চীনের শীর্ষ এআই স্টার্টআপ ডিপসিককে এনভিডিয়ার উন্নত মানের ‘এইচ২০০’ চিপ কেনার অনুমতি দিয়েছে চীন সরকার। তবে এ অনুমতির সঙ্গে কিছু শর্ত থাকবে, যা এখনো চূড়ান্ত করার কাজ চলছে।
এর আগে, বুধবার এ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছিল, বাইটড্যান্স আলিবাবা ও টেনসেন্ট-এর মতো চীনের তিন বড় কোম্পানিকেও সব মিলিয়ে ৪ লাখ ‘এইচ২০০’ চিপ কেনার অনুমতি দিয়েছে চীন।
তবে বৃহস্পতিবার তাইপেইতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং বলেছেন, এ ধরনের কোনো খবর এখনও পায়নি তার কোম্পানি। তার ধারণা, চীন সরকার এ লাইসেন্সের বিষয়টি চূড়ান্তের কাজ করছে।
ডিপসিকের অনুমোদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
সূত্রের খবর বলছে, চীনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ওই চারটি কোম্পানিকেই (বাইটড্যান্স, আলিবাবা, টেনসেন্ট ও ডিপসিক) অনুমোদন দিয়েছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, কিছু নির্দিষ্ট শর্ত আরোপ হবে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
একজন সূত্রের মতে, এসব শর্ত নির্ধারণ করছে চীনের রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন’ বা এনডিআরসি।
বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও এনডিআরসি।
গেল বছরের শুরুতে মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের তুলনায় অনেক কম খরচে এআই মডেল তৈরি করে বিশ্বজুড়ে হইচই ফেলেছিল ডিপসিক। তবে, এ অনুমোদনের খবরে তারাও কোনো মন্তব্য করেনি।
বর্তমানে যুত্তরাষ্ট্র-চীন সম্পর্কের মধ্যে বড় উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী এআই চিপ ‘এইচ২০০’। চীনা বিভিন্ন কোম্পানির মধ্যে এ চিপের ব্যাপক চাহিদা রয়েছে এবং যুক্তরাষ্ট্রও তা রপ্তানির অনুমতি দিয়েছে।
তবে চীন সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দিতে দেরি হওয়াই এসব চিপ দেশটিতে পৌঁছানোর ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এনভিডিয়াকে চীনের কাছে ‘এইচ২০০’ চিপ বিক্রির অনুমতি দেয়।
তবে এসব চিপ শেষ পর্যন্ত চীনে ঢুকতে পারবে কি না সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল চীন সরকারের হাতেই। পাশাপাশি, এসব চিপ যদি ডিপসিক কেনে তবে তা মার্কিন আইনপ্রণেতাদের কড়া নজরদারিতে পড়তে পারে।
বুধবার একজন উর্ধ্বতন মার্কিন আইনপ্রণেতা অভিযোগ তুলে বলেছেন, এনভিডিয়া ডিপসিক’কে এমন কিছু এআই মডেল উন্নত করতে সাহায্য করেছে, যা পরবর্তীতে চীনের সামরিক বাহিনী ব্যবহার করেছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ রয়েছে এ অভিযোগের।
এদিকে, আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নিজেদের পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘ভি৪’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ডিপসিক, যা কোডিংয়ের ক্ষেত্রে শক্তিশালী হতে পারে।