১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোন ১৫ না কি ১৭ই, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ হবে?

অ্যাপলে নতুন সফটওয়্যার পাওয়ার সুবিধা দেখে অনেকেই ভাবতে পারেন কয়েক প্রজন্ম আগের আইফোন ১৫ কেনা এখনও বেশ লাভজনক হতে পারে।

আইফোন ১৫ না কি ১৭ই, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ হবে?
বিভিন্ন টেলিকম অপারেটর ও খুচরা বিক্রেতাদের কাছে এটাই অ্যাপলের সবচেয়ে পুরানো মডেল, যা অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 11:41 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

প্রতি বছর নতুন আইফোন উন্মোচনের সময় তাতে চেহারার পরিবর্তন থাকে সামান্যই। তবে ফোনের ভেতরের প্রযুক্তিতে বেশ কিছু বড় আপগ্রেড আসে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমের হাত ধরে।

অ্যাপলের আসন্ন ‘আইওএস ২৭’ সফটওয়্যার আপডেটটি পুরানো আইফোন ১১ এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই মডেলেও সমর্থন করবে।

বিভিন্ন টেলিকম অপারেটর ও খুচরা বিক্রেতাদের কাছে এটাই অ্যাপলের সবচেয়ে পুরানো মডেল, যা অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে। ফোনটির ক্যামেরা ও পারফরম্যান্সও বেশ ভালো। তবে দাম অনুসারে এই ফোন কেনা আসলে ততটা লাভজনক নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

যদিও দীর্ঘদিন নতুন সফটওয়্যার পাওয়ার এ সুবিধা দেখে অনেকেই ভাবতে পারেন কয়েক প্রজন্ম আগের ‘আইফোন ১৫’ কেনা এখনও ভালো সিদ্ধান্ত হতে পারে।

কম খরচে ভালোমানের ফোন ‘আইফোন ১৭ই’ 

অ্যাপল সাধারণত পাঁচ থেকে সাত বছর পর্যন্ত নিজেদের ফোনে সফটওয়্যার সাপোর্ট দেয়, যা নিঃসন্দেহে বড় সুবিধা। তবে ব্যবহারকারী অর্থের কথা চিন্তা করলে আইফোন ১৫-এর প্রায় একই দামে বাজারে মিলছে নতুন ‘আইফোন ১৭ই’।

প্রায় সব ধরনের গুরুত্বপূর্ণ ফিচার ও সক্ষমতার বিচারে আইফোন ১৫’কে পেছনে ফেলেছে আইফোন ১৭ই। সেইসঙ্গে কিছু আন্তর্জাতিক অপারেটর তো আইফোন ১৭ই-এর চেয়ে আইফোন ১৫-এর দাম কিছুটা বেশিই রাখছে!

এ দুই ফোনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এদের ক্যামেরা সিস্টেমে। আইফোন ১৫’তে রয়েছে ডুয়াল ব্যাক ক্যামেরা, আর আইফোন ১৭ই’তে রয়েছে কেবল একটি ব্যাক ক্যামেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সাধারণ ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে দুটি ক্যামেরার এই পার্থক্য খুব একটা প্রভাব ফেলে না।

আইফোন ১৫ বাজারে এসে দুই বছর পার হলেও এখনও নতুন বা ব্যবহৃত হিসেবে ফোনটি পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাজার দর ও ফিচারের তুলনায় ফোনটির মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে অ্যাপলেরই নতুন বাজেট সংস্করণ ‘আইফোন ১৭ই’।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রযুক্তির ফোনটি ব্যবহারকারীদের সব মৌলিক চাহিদাই পূরণ করে। যেমন, ব্যবহৃত ও ভালো অবস্থায় থাকা আইফোন ১৫ যেখানে প্রায় ৫৪০ ডলারে মিলছে, সেখানে একদম নতুন আইফোন ১৭ই পাওয়া যাচ্ছে প্রায় ৬০০ ডলারে।

আইফোন ১৭ই দুই বছরেরও বেশি সময় পর বাজারে আসা ফোন হওয়ায় এর হার্ডওয়্যার প্রায় সবক্ষেত্রেই আইফোন ১৫’কে ছাড়িয়ে গেছে। আইফোন ১৭ই মডেলের বেইস সংস্করণ শুরুই হচ্ছে ২৫৬ জিবি স্টোরেজ দিয়ে, যা আগে আইফোন ১৫’তে পেতে অতিরিক্ত ১০০ ডলার গুণতে হত।

আইফোন ১৫’তে রয়েছে পুরানো ‘এ১৬’ চিপ ও কেবল ৬ জিবি র‍্যাম, যার কারণে ফোনটি অ্যাপলের এআই প্রযুক্তি অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে না। অন্যদিকে ৮ জিবি র‍্যামওয়ালা আইফোন ১৭ই গেইম খেলা বা মাল্টিটাস্কিংয়ের জন্য বেশি কার্যকর।

আইফোন ১৫-এর ৩ হাজার ৩৪৯ এমএএইচ ব্যাটারির তুলনায় ১৭ই মডেলে রয়েছে শক্তিশালী ৪ হাজার ৫ এমএএইচ ব্যাটারি। ফলে এতে দীর্ঘ সময় চার্জ থাকবে। নতুন ফোনটিতে ব্যবহৃত হয়েছে তুলনামূলক হালকা ও অধিক টেকসই ‘সিরামিক শিল্ড ২’।

কম দামে নতুন প্রযুক্তির অভিজ্ঞতা, দীর্ঘ ব্যাটারি লাইফ, বেশি স্টোরেজ ও এআই ফিচারের সুবিধার কারণে এখন পুরানো আইফোন ১৫ কেনার চেয়ে আইফোন ১৭ই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আইফোন ১৫-এর কোনো সুবিধাই নেই?

সব দিক দিয়ে নতুন ‘আইফোন ১৭ই’ এগিয়ে থাকলেও কিছু ক্ষেত্রে আইফোন ১৫ এখনও ভালো পারফরম্যান্স দিয়ে চলেছে, বিশেষ করে ডিসপ্লের উজ্জ্বলতার দিক থেকে ফোনটি বেশ এগিয়ে।

আইফোন ১৫-এর পর্দার সর্বোচ্চ উজ্জ্বলতা ২ হাজার নিটস, যা ১৭ই মডেলের ১ হাজার ২০০ নিটসের চেয়ে অনেকটাই বেশি। ফলে সরাসরি কড়া রোদে বা প্রখর আলোতে ফোন ব্যবহারের ক্ষেত্রে আইফোন ১৫-এর স্ক্রিন দেখতে বেশি আরামদায়ক।

এ ছাড়াও আইফোন ১৫-এর ডিসপ্লে রেজুলিউশন ২,৫৫৬ বাই ১,১৭৯ পিক্সেল, যা নতুন ১৭ই মডেলের ২,৫৩২ বাই ১,১৭০ পিক্সেলের তুলনায় সামান্য বেশি। তবে, এই পার্থক্য বাস্তব ব্যবহারে খালি চোখে ধরা পড়বে না।

ক্যামেরার ক্ষেত্রে ১৭ই মডেলে দ্বিতীয় লেন্স বা আল্ট্রাওয়াইড না থাকলেও দুটি ফোনেরই প্রধান ও সামনের ক্যামেরার রেজুলিউশন একেবারেই এক।

ডিজাইনের ক্ষেত্রে যারা আধুনিক ‘ডাইনামিক আইল্যান্ড’ পছন্দ করেন তারা আইফোন ১৫’তেই এমনটা পাবেন। কারণ ১৭ই মডেলে অ্যাপল ফিরিয়ে এনেছে পুরানো ধাঁচের ‘নচ’ ডিজাইন।

অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এ দুই ফোনের বদলে ‘আইফোন ১৬’ নেওয়া কি ভালো হবে? আইফোন ১৬ মডেলে ‘অ্যাকশন বাটন’, ‘ক্যামেরা কন্ট্রোল’ বাটন ও ‘এ১৮’ চিপের মতো আধুনিক সুবিধা রয়েছে, যা অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করে।

তবে আইফোন ১৫ বা ১৭ই-এর তুলনায় এর দাম বেশি হওয়ায় বাজেটের ভেতর সেরাটুকু পেতে ১৭ই মডেলটিই এগিয়ে থাকবে। সব মিলিয়ে, বাজারে যদি আইফোন ১৫ বড় কোনো ছাড় বা আকর্ষণীয় অফারে পাওয়া যায় এবং একজন গ্রাহক যদি প্রথমবার আইফোন জগতে প্রবেশ করতে চান কিনতে পারেন।

তবে সার্বিক পারফরম্যান্স, ব্যাটারি, আধুনিক প্রযুক্তি ও অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা পেতে একটু বাজেট বাড়িয়ে ‘আইফোন ১৭ই’ কেনাই হবে বুদ্ধিমানের কাজ।