১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দৈর্ঘ্যে ১০ মিনিট পর্যন্ত ভিডিও পোস্ট করতে দেবে ব্লুস্কাই

ভিডিওর দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ ফাইল সাইজের সীমাও বাড়িয়েছে ব্লুস্কাই। ব্যবহারকারীরা ৩০০ মেগাবাইট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন।

দৈর্ঘ্যে ১০ মিনিট পর্যন্ত ভিডিও পোস্ট করতে দেবে ব্লুস্কাই
ভিডিও দৈর্ঘ্যের এ নতুন আপডেটটি ব্লুস্কাইয়ের ব্যবহারকারী বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 05:06 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

আপলোড করা ভিডিওর দৈর্ঘ্য বাড়িয়ে সর্বোচ্চ ১০ মিনিট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই।

গেল বছরই ভিডিওর সীমা বাড়িয়ে তিন মিনিট করেছিল প্ল্যাটফর্মটি, যা আরও আগে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত ছিল।

সেই হিসাবে এ নতুন সিদ্ধান্ত ব্লুস্কাইয়ের জন্য বড় ধরনের পরিবর্তন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ভিডিওর দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গতি রেখে সর্বোচ্চ ফাইল সাইজের সীমাও বাড়ানো হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা ৩০০ মেগাবাইট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন।

পাশাপাশি প্ল্যাটফর্মটি বলেছে, আপলোড স্পিড আগের চেয়ে উন্নত করার ফলে এখন থেকে ভিডিও ‘দুই থেকে তিন গুণ দ্রুত’ আপলোড করা যাবে।

এ পরিবর্তনের ফলে ব্লুস্কাই যে বিকেন্দ্রীভূত ‘এটি প্রোটোকল’ নেটওয়ার্কে পরিচালিত হয় সেই একই প্রোটোকল ব্যবহারকারী অন্যান্য অ্যাপেও দীর্ঘ ভিডিও পোস্টের সুযোগ তৈরি হচ্ছে। যার মধ্যে ‘ব্লুস্ক্রিন’, ‘রিলো’ ও ‘স্কাইলাইট’-এর মতো প্ল্যাটফর্ম রয়েছে।

নতুন এ আপডেটের ফলে ভিডিও দৈর্ঘ্যের দিক থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের সমকক্ষ হল ব্লুস্কাই। সেখানেও সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও দেওয়া যায়।

অন্যদিকে, মাইক্রোব্লগিং সাইট এক্স-এর আরেক প্রতিযোগী ও মেটার মালিকানাধীন ‘থ্রেডস’ অ্যাপে বর্তমানে সর্বোচ্চ পাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যায়।

এদিকে, ইলন মাস্কের মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ ফ্রি ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ সেকেন্ড বা ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ পান।

তবে যারা অর্থ দিয়ে ‘ব্লু চেক মার্ক’ সাবস্ক্রিপশন নিয়েছেন তারা ১৬ গিগাবাইট পর্যন্ত আকারের এবং ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ ভিডিও পোস্ট করতে পারেন।

কোম্পানিটির এ সুবিধাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক সময়ে এক্স পূর্ণাঙ্গ চলচ্চিত্রের অবৈধ ফাঁসের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেমনটা ঘটেছিল ‘অবতার আং’-এর ঘটনার ক্ষেত্রে।

এ ছাড়া সম্প্রতি ‘অডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো বিভিন্ন চলচ্চিত্রও অবৈধভাবে ছড়িয়ে পড়ার নজির দেখা গেছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও দৈর্ঘ্যের এ নতুন আপডেটটি ব্লুস্কাইয়ের ব্যবহারকারী বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ‘সিমিলাকেব’-এর তথ্যের বরাতে প্রযুক্তি সংবাদের সাইট টেকক্রাঞ্চ লিখেছে, জুলাই মাসের হিসাব অনুসারে ব্লুস্কাইয়ের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বছরভিত্তিক হিসেবে অন্তত ২৫ শতাংশ কমেছে।