১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: এক ক্লিকে বার্তা পাবে গোটা গ্রুপ

জরুরি বা সময়সাপেক্ষ কোনো বার্তা যেন গ্রুপের সবার নজর এড়াতে না পারে সে কারণেই প্লাটফর্মটিতে এ ফিচার যোগ করেছে হোয়াইটঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: এক ক্লিকে বার্তা পাবে গোটা গ্রুপ
ডিসকর্ড, স্ল্যাক বা মাইক্রোসফট টিমের ‘হিয়ার’ বা ‘এভরিওয়ান’ ফিচারের মতো কাজ করবে হোয়াটসঅ্যাপের এ নতুন সুবিধাটি। ছবি: হোয়াইটঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 03:42 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

গ্রীষ্মকালীন ফিচারের অংশ হিসেবে একের পর এক নতুন সুবিধা নিয়ে আসছে  জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াইটঅ্যাপ।

এবার গ্রুপ চ্যাটিংয়ের সবাইকে একসঙ্গে নোটিফিকেশন পাঠানোর সুবিধাসহ পোল ব্যবস্থা ও চ্যাটিং ফিচারে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে গ্রুপ চ্যাটিংয়ের সব সদস্যকে একবারে ট্যাগ করার সুবিধা ‘@all’ (অ্যাট অল)।

ডিসকর্ড, স্ল্যাক বা মাইক্রোসফট টিমের ‘হিয়ার’ বা ‘এভরিওয়ান’ ফিচারের মতো কাজ করবে হোয়াটসঅ্যাপের এ নতুন সুবিধাটি।

জরুরি বা সময়সাপেক্ষ কোনো বার্তা যেন গ্রুপের সবার নজর এড়াতে না পারে সে কারণেই প্লাটফর্মটিতে এ ফিচার যোগ করেছে হোয়াইটঅ্যাপের মূল কোম্পানি মেটা।

অনেকেই অহেতুক কারণেও সবাইকে ‘পিং’ বা বার্তা দিতে পারেন এমন শঙ্কা থেকে ব্যবহারকারীদের সুরক্ষায় বেশ কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও রেখেছে হোয়াটসঅ্যাপ।

৩২ জনের বেশি সদস্যওয়ালা গ্রুপগুলোর ক্ষেত্রে কেবল অ্যাডমিনরা এ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া, গ্রুপ ‘মিউট’ করা থাকলেও এ নোটিফিকেশন আসবে। তবে কেউ চাইলে অ্যাপের নোটিফিকেশন সেটিংস থেকে ‘@all’ সংক্রান্ত সব ধরনের নোটিফিকেশন স্থায়ীভাবে মিউট বা বন্ধ করে রাখতে পারবেন।

ব্যবহারকারীদের সুবিধার্থে ‘পোল’ বা ভোট ফিচারে বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ পরিবর্তনের ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপে ভোটাভুটির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যাবে এবং গোপন বা বেনামে ভোটের সুযোগও থাকবে।

এ ছাড়া পোলের প্রশ্ন বা অপশনে কোনো ধরনের ভুল বা অস্পষ্টতা থাকলে তা সংশোধনের জন্য পোল তৈরিকারীকে ১৫ মিনিট সময় দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ এ আপডেটে কোনো গ্রুপ থেকে সহজেই নতুন একটি আলাদা চ্যাটিং গ্রুপ তৈরির সুবিধাও যোগ হয়েছে।

ফলে নতুন গ্রুপ তৈরির জন্য সদস্যদের আলাদাভাবে নির্বাচন করে যোগের প্রয়োজন হবে না, বরং এক ট্যাপেই আলাদা সাইড কনভারসেশন বা গ্রুপ চ্যাটিং শুরু করা যাবে।