Published : 12 Oct 2025, 07:29 PM
ইউটিউবের শর্টস ভিডিও ফিড অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট ভিডিওর বন্যায় ভেসে যাওয়া অনেক ব্যবহারকারীই চান এগুলো পুরোপুরি বন্ধ করতে। তবে হতাশার বিষয় হলো, এখন আর ইউটিউব শর্টস বন্ধ করার কোনো অফিশিয়াল উপায় নেই।
২০২৪ সালের আগে কিছু উপায় থাকলেও সেগুলো এখন আর কাজ করে না। তবুও ইউটিউবের এই শর্ট ভিডিও থেকে কিছুটা মুক্তি পাওয়া অসম্ভব নয়, কিছু কৌশল মেনে চললে ব্যবহারকারীদের কম সংখ্যক শর্টস দেখতে হবে।
প্রযুক্তি সাইট ‘হাও টু গিক’ লিখেছে, আগে ইউটিউব মোবাইল সাইটে গিয়ে ‘হাইড শর্টস ফর থার্টি ডেইজ’ অপশন বেছে নেওয়ার সুযোগ ছিল কিন্তু এখন সেই সুযোগও সম্পূর্ণ সরিয়ে দিয়েছে গুগল। ফলে শর্টস বন্ধ করা সম্ভব নয় তবে ফিডে এগুলোর সংখ্যা কমানো যায়।
বর্তমানে ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপে শর্টস বন্ধ করার অপশন না থাকলেও ব্যবহারকারীরা চাইলে অ্যাপে স্ক্রল করে শর্টস সেকশনে গিয়ে ডান দিকের তিন ডট আইকনে ট্যাপ করে ‘শো ফিউয়ার শর্টস’ নির্বাচন করতে পারেন। এতে ইউটিউবের অ্যালগরিদম বুঝে নেয় যে ব্যবহারকারী শর্টস-এ আগ্রহী নন।
আরেকটি কার্যকর পদ্ধতি হলো, শর্টস ভিডিওর পাশের তিনটি ডট আইকনে গিয়ে ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করা। এতে ভিডিওটি সঙ্গে সঙ্গে ফিড থেকে মুছে যাবে।
তবে দুঃখজনকভাবে, কিছু সময় পর আবার শর্টস ফিরে আসে। এই কারণে নিয়মিতভাবে ‘শো ফিউয়ার শর্টস’ বা ‘নট ইন্টারেস্টেড’ অপশনটি ব্যবহার করতে হয়।
ডেস্কটপ ভার্সনেও একই নিয়ম প্রযোজ্য। ওয়েব ব্রাউজারে ইউটিউব খুলে শর্টসের পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে ‘শো ফিউয়ার শর্টস’ অপশন বেছে নেওয়া যায়। তবে মোবাইল এবং কম্পিউটার দুই ডিভাইসেই এই প্রক্রিয়াটি আলাদাভাবে করতে হয়।
যারা শর্টস একদমই সহ্য করতে পারছেন না, তাদের জন্য আরেকটি বিকল্প হলো পুরনো ভার্সনের ইউটিউব অ্যাপ ব্যবহার করা। ইউটিউবের ১৪.১২.৫৬ ভার্সনের আগের সংস্করণগুলোতে শর্টস ফিচার ছিল না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে ফোনের সেটিংয়ে গিয়ে ইউটিউব অ্যাপ খুলে ডানদিকের তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘আনইনস্টল আপডেটস’ অপশন বেছে নিতে পারেন। এতে অ্যাপটি পুরনো ভার্সনে ফিরে যাবে এবং শর্টস আর দেখা যাবে না।
তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এই প্রক্রিয়া প্রায় অসম্ভব। কারণ, অ্যাপ স্টোর থেকে পুরনো ভার্সন ইনস্টল করা কঠিন। তবুও কিছু আনঅফিশিয়াল পদ্ধতি আছে যেমন পুরনো ব্যাকআপ ফাইল থেকে ইনস্টল করা কিন্তু তা সবসময় কাজ করে না।
এ ছাড়া শর্টস বন্ধে থার্ড পার্টির কিছু অ্যাপ ও এক্সটেনশনও সাহায্য করতে পারে। যেমন গুগল ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যায় ‘শর্টস ব্লক’ বা ‘রিমুভ ইউটিউব শর্টস’ নামের এক্সটেনশন। এগুলো শর্ট ভিডিও ফিড ব্লক করতে সাহায্য করে। একই ডেভেলপারের তৈরি ‘ব্লক স্ক্রল’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যায়।
যারা সাফারি ব্যবহার করেন, তাদের জন্যও ‘শর্টস ব্লকার ফর ইউটিউব’ নামে একটি অ্যাপ আছে। এটি ম্যাক এবং আইফোনে শর্টস ব্লক করতে সাহায্য করে। তবে এসব অ্যাপ সবসময় কাজ করে না, কারণ, গুগল নিয়মিতভাবে এই ধরনের টুল ব্লক করার চেষ্টা করে।
ইউটিউব শর্টস পুরোপুরি বন্ধ করা এখন আর সম্ভব নয়। তবে কিছু কৌশল ব্যবহার করলে ফিড কিছুটা পরিষ্কার রাখা যায়। যারা নিয়মিত ‘শো ফিউয়ার শর্টস’ এবং ‘নট ইন্টারেস্টেড’ অপশন ব্যবহার করেন তারা তুলনামূলক কম শর্টস দেখেন।