Published : 19 Aug 2025, 04:19 PM
মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর রে ব্যান চশমা আবার কাজ করার সুযোগ করে দিয়েছে যুক্তরাজ্যের এক ব্যক্তিকে।
দৃষ্টি হারানোর এক বছর পর আবার কাজে ফিরে আসা যুক্তরাজ্যের ওই ব্যক্তি বলেছেন, নতুন এআইনির্ভর চশমা ‘জীবন বদলে দিয়েছে’ তার।
ইংল্যান্ডের বাথ শহরের কাছে লার্কহলে থাকেন ৫৭ বছর বয়সী অ্যান্ডি এভান্স। দৃষ্টিশক্তি হারানোর কারণে ‘মরিসনস সুপারমার্কেট’-এ রাতের শিফটের চাকরি ছেড়ে বেকার হয়ে পড়েন তিনি।
তবে এভান্স বলেছেন, এ এআই চশমা কেনার পর থেকে এখন তার ‘জীবনের মান অনেক ভালো’ হয়েছে। এ চশমার ফ্রেমে ক্যামেরা ও বাহুতে রয়েছে ছোট স্পিকার।
এভান্স আরও বলেছেন, এখন তিনি আবার রেস্টুরেন্টে গিয়ে নিজে খাবার অর্ডার দিতে পারছেন এবং তার এআই চশমাকে জিজ্ঞাসা করলেই তিনি জানতে পারেন, তার ‘সামনের পথে কী কী বাধা রয়েছে’।
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার হাত ধরে বাজারে আসা এ রে-ব্যান চশমাটি কণ্ঠস্বরের মাধ্যমে চালানো যায়। একইসঙ্গে এতে থাকা এআইয়ের সঙ্গে কথা বলে চশমাটি দিয়ে ব্যবহারকারী বিভিন্ন কাজ করাতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ এআই চশমার সঙ্গে কথা বলার জন্য কিছু বিখ্যাত ব্যক্তির কণ্ঠস্বর বেছে নেওয়ার সুযোগ রয়েছে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের।
এভান্স বলেছেন, চশমাটির সঙ্গে কথা বলার জন্য অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চের কণ্ঠস্বর বেছে দিয়েছেন তিনি। এ এআই কণ্ঠস্বরটি তাকে মজা করে জেমস বন্ড ও ০০৭ বলে ডাকে।
বর্তমানে আবার কাজ শুরু করেছেন এভান্স। এখন তিনি ‘সাইট সাপোর্ট ওয়েস্ট অফ ইংল্যান্ড’ নামের এক চ্যারিটি সংগঠনে দৃষ্টিশক্তি হারানো মানুষদের সাহায্য করছেন, যেখানে তাদের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্যের কাজটি করছেন এভান্স।
তিনি বলেছেন, “আমি আসলেই অনেক কাজ করতে পারছিলাম না, একদম আটকা পড়ে গিয়েছিলাম।
“এখন আমি যেটুকু করতে পারি তা হচ্ছে, চশমাকে কেবল বলতে পারি আমার আশপাশে কী হচ্ছে তা দেখে আমাকে বলো, যা জীবন বদলে দেওয়ার মতোই প্রযুক্তি।”
যুক্তরাজ্যের ‘রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড পিপল’-এর অন্তর্ভুক্তিমূলক ডিজাইনের প্রধান রোবিন স্পিঙ্কস বলেছেন, এসব চশমা এমন প্রযুক্তির উদাহরণ, যা আংশিক ও পুরো দৃষ্টি হারানো মানুষের জীবনে ‘বাস্তব ও স্পষ্ট প্রভাব’ ফেলছে।
স্পিঙ্কস নিজেও দৃষ্টি প্রতিবন্ধী। তিনি বলেছেন, “আমি এই চশমা রোজ ব্যবহার করি। এর মাধ্যমে আমার ঘরের বর্ণনা, সমুদ্র তীরের দৃশ্য, এমনকি চিড়িয়াখানার প্রাণীদের সম্পর্কেও জানতে পারি আমি, যা আমার জন্য অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে।”
“এআই দ্রুত উন্নতি করছে ও স্মার্ট চশমার বাজারও এখনো খুব নতুন পর্যায়ে রয়েছে। তবে এর সম্ভাবনা অনেক।”