Published : 17 Mar 2026, 10:36 AM
হলিউডে সবচেয়ে বড় পুরস্কার অস্কার। এখানে সব অর্জনই গিয়ে ঠেকে ব্যক্তিগতভাবে অর্জিত অস্কার ট্রফিতে। সোনালি সেই ট্রফিতে বিজয়ী বক্তির নামই লেখা থাকে। কিন্তু এখানে আরও প্রতিযোগিতা আছে। সেটি প্ল্যাটফর্ম, স্টুডিও আর প্রযুক্তির। বরাবর আড়ালে থাকা সে যুদ্ধের খবর কী?
২০২৬ সালের অস্কার আসরে প্যারামাউন্ট স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার ঠিক আগে ১১টি পুরস্কার জিতল ওয়ার্নার ব্রাদার্স। নেটফ্লিক্স বড় পুরস্কারগুলো না পেলেও বেশ কয়েকটি বিভাগে নিজেদের সাফল্য ধরে রেখেছে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, রায়ান কুগলারের ‘সিনার্স’ ও পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির কারণে মোট ১১টি পুরস্কার জিতেছে ওয়ার্নার।
এদিকে, নেটফ্লিক্সও বেশ শক্ত অবস্থানে রয়েছে, তারা জিতেছে ৭টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘কে পপ ডিমন হান্টার্সে’র ঝুলিতে গিয়েছে দুটি ও গুইলেরমো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ জিতেছে তিনটি অস্কার।
সব মিলিয়ে এবারের অস্কারে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ৮টি পুরস্কার নিজেদের করে নিয়েছে, তবে তারা আসরের মূল বা বড় পুরস্কারগুলো জিততে পারেনি।
গুইলেরমো দল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন এবং সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে পুরস্কার জিতেছে।
অন্যদিকে ‘কে পপ ডিমন হান্টার্স’ জিতেছে সেরা অ্যানিমেটেড ফিচার ও সেরা মৌলিক গানের পুরস্কার। নেটফ্লিক্সের ঝোলায় আরও দুটি পুরস্কার গিয়েছে- ‘অল দ্য এম্পটি রুমস’-এর জন্য সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম এবং ‘সিঙ্গার্স’-এর জন্য সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম।
এ ছাড়া নিজেদের ‘এফ ওয়ান’ সিনেমার জন্য সেরা সাউন্ড বিভাগে অস্কার জিতেছে অ্যাপল টিভি।
ওয়ার্নার ব্রাদার্স এবারের আসরের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো নিজেদের করে নিয়েছে। ২০১২ সালে ‘আর্গো’র পর এই প্রথম তারা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা চলচ্চিত্রের অস্কার জিতল।
এ ছবির জন্য পল টমাস অ্যান্ডারসন সেরা পরিচালক ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন। আর শন পেন জিতেছেন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার। এ নিয়ে পেনের অস্কার ট্রফির সংখ্যা দাঁড়াল তিনে।
এদিকে ‘সিনার্স’ ছবিটি সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে ইতিহাস গড়েছে। এ বিভাগে প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অটাম ডুরাল্ড আরকাপাও অস্কার জিতেছেন।
এ সিনেমার জন্য মাইকেল বি. জর্ডান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ও পরিচালক রায়ান কুগলার জিতেছেন সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার।
অভিনয় সংশ্লিষ্ট অন্য পুরস্কারগুলোর মধ্যে জেসি বাকলি (সেরা অভিনেত্রী, হ্যামনেট) এবং এমি ম্যাডিগান (পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, ওয়েপনস) অস্কার জিতেছেন।
অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন রসিকতা করে বলেছেন, নেটফ্লিক্সের সিইও টেড সারান্দোসের জন্য এটিই হয়ত ‘প্রথমবার সিনেমা হলে আসা’।
তবে ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নেওয়ার লড়াইয়ে প্যারামাউন্ট স্কাইড্যান্সের কাছে নেটফ্লিক্সের হার চলচ্চিত্র জগতের জন্য ভালো নাকি মন্দ হবে তা সময়ই বলে দেবে।
এদিকে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না।
ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি কেবল আগামী তিনটি অস্কার অনুষ্ঠান প্রচারের সুযোগ পাবে। কারণ ২০২৯ সাল থেকে অস্কার অনুষ্ঠানটি এককভাবে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে।