ওপেনএআই এখন ৫০ হাজার কোটি ডলারের কোম্পানি
কোম্পানিটি সেকেন্ডারি মার্কেটে এক হাজার কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রির অনুমতি দিয়েছিল।
ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি ডলার। সম্প্রতি বর্তমান ও সাবেক কর্মীরা ছয়শ ৬০ কোটি ডলারের শেয়ার বিক্রির পর এই মূল্যায়ন নির্ধারিত হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৩০ হাজার কোটি ডলার। অর্থাৎ, তুলনামূলক স্বল্প সময়ে এর মূল্য ২০ হাজার কোটি ডলার বেড়েছে। এ থেকে স্পষ্ট যে, ব্যবহারকারী ও আয়ের দিক দিয়ে ওপেনএআই দ্রুত এগিয়ে যাচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে চলতি বছরের অগাস্টে এই শেয়ার বিক্রির তথ্য প্রকাশিত হয়। ওই চুক্তির অংশ হিসেবে ওপেনএআইয়ের কর্মীরা শেয়ার বিক্রি করেছেন একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের কাছে। এর মধ্যে রয়েছে থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্র্যাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস।
রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ওপেনএআই সেকেন্ডারি মার্কেটে এক হাজার কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রির অনুমতি দিয়েছিল।
রাজস্ব আয়েও চমক দেখিয়েছে ওপেনএআই। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটি আয় করেছে প্রায় ৪৩০ কোটি ডলার, যা গত বছরের আয়ের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।
ওপেনএআইয়ের এই শেয়ার বিক্রি হলো এমন এক সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে শীর্ষ প্রতিভা টানতে প্রযুক্তি জায়ান্টদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। সম্প্রতি মেটা স্কেল এআই-এ কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং কোম্পানিটির ২৮ বছর বয়সী প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াংকে তাদের নতুন সুপার ইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্বে নিয়োগ দিয়েছে।
ওপেনএআইয়ের শেয়ার কিনে নেওয়া কোম্পানিগুলো—থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্র্যাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
