১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিয়েতনামে কাইপার স্যাটেলাইট সেবা আনছে অ্যামাজন

২০৩০ সালের মধ্যে ভিয়েতনামের উত্তরাঞ্চলের বাক নিন প্রদেশে অবকাঠামো গড়ে তুলতে ৫৭ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে অ্যামাজন।

ভিয়েতনামে কাইপার স্যাটেলাইট সেবা আনছে অ্যামাজন
এ বছরের এপ্রিলে ফ্লোরিডা থেকে কাইপার প্রকল্পের জন্য প্রথম ২৭টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে অ্যামাজন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 03:18 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ভিয়েতনামে শিগগিরই কাইপার স্যাটেলাইট পরিষেবা চালুর পরিকল্পনা করছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন।

মঙ্গলবার রাতে অ্যামাজনের ‘গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড প্রজেক্ট কাইপার’-এর প্রধান গনজালো দে ডিওস ও ভিয়েতনামের উপ-মন্ত্রী ফাম ডুক লং-এর মধ্যে হ্যানয়ে এক বৈঠকের পর এই তথ্য মিলেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মন্ত্রণালয় বলেছে, ২০৩০ সালের মধ্যে ভিয়েতনামের উত্তরাঞ্চলের বাক নিন প্রদেশে স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে অবকাঠামো গড়ে তুলতে ৫৭ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রযুক্তি জায়ান্ট। এ অবকাঠামোর মধ্যে ছয়টি গ্রাউন্ড স্টেশন ও টার্মিনাল উৎপাদন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

দেশটির ব্যবসায়িক কেন্দ্র হো চি মিন সিটিতে ‘অ্যামাজন কাইপার ভিয়েতনাম কোম্পানি লিমিটেড’ নামের এক ভিয়েতনামী কোম্পানিও গঠন করেছে অ্যামাজন। পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে স্যাটেলাইট পরিষেবা দিতে নিজেদের আবেদন জমাও দিয়েছে কোম্পানিটি।

মন্ত্রণালয় বলেছে, অ্যামাজনের কাইপার প্রকল্পের লক্ষ্য হচ্ছে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বসানোর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে যেসব দুর্গম এলাকা ও দ্বীপাঞ্চলে ইন্টারনেট সুবিধা সীমিত বা নেই এমন অঞ্চলের বেলায়।

অ্যামাজন নিজেদের পাইলট কর্মসূচির আবেদনপত্রে আগামী পাঁচ বছরের মধ্যে সাধারণ ব্যবহারকারী, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি সংস্থার জন্য সেবা চালুর অনুমোদন চেয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্টারলিংককেও পাঁচ বছরের মধ্যে ভিয়েতনামে একই ধরনের প্রকল্প পরিচালনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

এ বছরের এপ্রিলে ফ্লোরিডা থেকে অ্যামাজনের কাইপার প্রকল্পের জন্য প্রথম ২৭টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়, যার মাধ্যমে দীর্ঘদিনের বিলম্বিত ‘মহাকাশ থেকে ইন্টারনেট’ নেটওয়ার্ক বাস্তবায়নের সূচনা করে কোম্পানিটি।

তবে ভিয়েতনামে স্যাটেলাইট প্রকল্প চালুর বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি অ্যামাজন।