১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পার্টনারশিপের ভবিষ্যৎ নিয়ে নাদেলা-অল্টম্যান আলোচনা

নিজেদের মধ্যে মাইক্রোসফটের বিনিয়োগের শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করছে ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট ও ওপেনএআই।

পার্টনারশিপের ভবিষ্যৎ নিয়ে নাদেলা-অল্টম্যান আলোচনা
নাটকীয় ঘটনায় ওপেনএআইতে ফেরার পরপরই সাত্যিয়া নাদেলার সঙ্গে অল্টম্যান। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলার সঙ্গে ভবিষ্যতের পার্টনারশিপ নিয়ে আলোচনা করেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। 

মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক পডকাস্টে অল্টম্যান বলেছেন, সোমবার মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন তারা।

এ মাসের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছিল, নিজেদের মধ্যে মাইক্রোসফটের বিনিয়োগের শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করছে ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট ও ওপেনএআই। তাদের এ আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ভবিষ্যতে ওপেনএআইয়ে মাইক্রোসফটের কত শতাংশ মালিকানা থাকবে তা নিয়ে সিদ্ধান্তের বিষয়টি।

ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, ভবিষ্যতে যদি নিজেদের গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে না পারে মাইক্রোসফট ও ওপেনএআই তবে এ আলোচনায় সাময়িক বিরতি নেওয়ার কথা ভাবছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি মাইক্রোসফট ও ওপেনএআই।

অল্টম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, “স্বাভাবিকভাবেই যে কোনও গভীর সম্পর্কে কিছু টানাপোড়েন থাকেই এবং আমাদের ক্ষেত্রেও তা আছে। তবে সার্বিকভাবে উভয় কোম্পানির জন্য এটি সত্যিই ভালো হয়েছে।”

অল্টম্যান আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন তিনি। এ প্রযুক্তির ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বোঝার জন্য ট্রাম্পের প্রশংসাও করেছেন ওপেনএআই সিইও।

এর আগে, জানুয়ারি মাসে “স্টারগেইট” নামের এক প্রকল্পের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে এআইচালিত অবকাঠামোর জন্য বেসরকারি খাতে ৫০ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ বিনিয়োগে অর্থায়ন করছে সফটব্যাংক, ওপেনএআই ও ওরাকল।