১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডিসপ্লে ছাড়াই আসতে পারে নতুন অ্যাপল ওয়াচ

ডিসপ্লে ছাড়া একেবারেই নতুন কিছু ডিভাইসের পাশাপাশি বিভিন্ন ধরনের স্ক্রিন ও আকারের নতুন মডেল আনার বিষয়টিও বিবেচনায় রাখছে অ্যপল।

ডিসপ্লে ছাড়াই আসতে পারে নতুন অ্যাপল ওয়াচ
নতুন অ্যাপল ওয়াচে যোগ হতে পারে নতুন রং, নতুন ব্যান্ড এবং স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ে নতুন কিছু ফিচার। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 02:03 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ভবিষ্যতে অ্যাপল ওয়াচ সিরিজে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে অ্যাপল।

বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বিভিন্ন আকারের স্ক্রিনের পাশাপাশি এবার কোনো ডিসপ্লে ছাড়াই সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিভাইস আনার বিষয়টি যাচাই করছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদন অনুসারে, অ্যাপল ওয়াচ সিরিজে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে অ্যাপল। তবে, এসব পরিবর্তন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কোম্পানিটি।

অ্যাপল ওয়াচের আসন্ন ‘সিরিজ ১২’ বা ‘আল্ট্রা ৪’ মডেলে দৃশ্যমান বড় কোনো পরিবর্তন সম্ভবত  আসছে না। বরং নতুন করে অ্যাপল ওয়াচ সাজানোর ক্ষেত্রে বেশ কিছু ভিন্ন বিকল্প নিয়ে চিন্তাভাবনা চলছে।

‘হুপ’-এর মতো ডিসপ্লে ছাড়া বিভিন্ন ওয়্যারেবল ডিভাইসের দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার এই সময়ে বাজারে নিজেদের প্রতিযোগিতা ধরে রাখতে নতুন কৌশল ভাবছে আইফোন নির্মাতা।

গারম্যান বলেছেন, কোম্পানিটি ডিসপ্লে ছাড়া একেবারেই নতুন কিছু ডিভাইসের পাশাপাশি বিভিন্ন ধরনের স্ক্রিন ও আকারের নতুন মডেল আনার বিষয়টিও বিবেচনায় রাখছে।

‘আল্ট্রা’ ও ‘এরমেস’ মডেলগুলোর চেয়েও প্রিমিয়াম সংস্করণের ওয়াচ উন্মোচনের মাধ্যমে নিজেদের লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। একইসঙ্গে ‘অ্যাপল ওয়াচ এসই’-এর চেয়েও সাশ্রয়ী মডেল এনে নতুন গ্রাহক টানার সম্ভাবনাও যাচাই করছে এই প্রযুক্তি জায়ান্ট।

গারম্যান বলেছেন, আগামী প্রজন্মের স্মার্টওয়াচে কী ধরনের পরিবর্তন আসবে তা নিয়ে অ্যাপল এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

আগের বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছিল, অ্যাপল ওয়াচের এ প্রতীক্ষিত নতুন ডিজাইন বাস্তবে দেখতে আরও এক বা দুই বছর অপেক্ষা করতে হতে পারে।

ডিজাইনে আমূল পরিবর্তন না এলেও গারম্যান বলছেন, ২০২৬ বা ২০২৭ সালের মধ্যে অ্যাপল ওয়াচে আবারও সিরামিক কেসের অপশন ফিরিয়ে আনতে যাচ্ছে অ্যাপল।

পাশাপাশি যোগ হবে নতুন রং, নতুন ব্যান্ড এবং স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ে নতুন কিছু ফিচার।

পরবর্তী অ্যাপল ওয়াচের চেহারা যেমনই হোক না কেন গারম্যানের অনুমান অনুসারে, এ নতুন প্রজন্মের স্মার্টওয়াচে নতুনভাবে সাজানো ডিজিটাল সহকারী ‘সিরি’কে আরও ভালোভাবে জুড়ে দেবে অ্যাপল।