১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফোন গরম হওয়া ঠেকাতে ব্যাটারির আয়ু কমিয়ে দেবে গুগল?

এ বছর ফোনটিতে ব্যাটারির এ সমস্যা নতুন কিছু নয়। জানুয়ারিতে ‘পিক্সেল ৪এ’ ফোনের ব্যাটারির আয়ু কমিয়েছিল গুগল, যাতে ফোন আরও ভালো কাজ করতে পারে।

ফোন গরম হওয়া ঠেকাতে ব্যাটারির আয়ু কমিয়ে দেবে গুগল?
পিক্সেল ৬এ ফোনের জন্য সফটওয়্যার আপডেট পাওয়া যাবে জুলাই ২০২৭ পর্যন্ত। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু ‘পিক্সেল ৬এ’ ফোনের ব্যাটারি লাইফ বা আয়ু কমিয়ে দেবে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

কোম্পানিটির ‘পিক্সেল ৬এ’ ফোনটি অনেক ভালো বৈশিষ্ট্য থাকলেও এর ব্যাটারি নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে, যা ফোনের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। 

প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটি প্রতিবেদনে লিখেছে, দুটি ‘পিক্সেল ৬এ’ ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে তাতে আগুন ধরে গিয়েছিল। এরপর অ্যান্ড্রয়েড ১৬ বিটা’র নতুন তথ্য দেখে তারা জানতে পারে, নিরাপত্তার জন্য ‘পিক্সেল ৬এ’-এর ব্যাটারি সক্ষমতা ও চার্জিংয়ের গতি কমিয়ে দেবে গুগল। 

অ্যান্ড্রয়েড অথরিটি’কে দেওয়া এক বিবৃতিতে গুগল বলেছে, “পিক্সেল ৬এ-এর নির্দিষ্ট এক গ্রুপের ফোনে বাধ্যতামূলক সফটওয়্যার আপডেট প্রয়োজন হবে। যাতে ফোনটির ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি কমানো যায়। 

“এ আপডেটের মাধ্যমে ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার চালু হবে, যা ব্যাটারি চারশবার চার্জ হওয়ার পর ব্যাটারির সক্ষমতা ও চার্জিং পারফরম্যান্স কমিয়ে দেব আমরা। এ সমস্যার মধ্যে পড়েছেন এমন গ্রাহকদের সঙ্গে আগামী মাস থেকে যোগাযোগের পাশাপাশি এটি সমাধানে প্রয়োজনীয় সকল তথ্যও সরবরাহ করব আমরা।

পিক্সেল ৬এ ফোনের জন্য সফটওয়্যার আপডেট পাওয়া যাবে জুলাই ২০২৭ পর্যন্ত। তবে এ বছর ফোনটিতে ব্যাটারির এ সমস্যা নতুন কিছু নয়। জানুয়ারিতে ‘পিক্সেল ৪এ’ ফোনের ব্যাটারির আয়ু কমিয়েছিল গুগল, যাতে ফোন আরও ভালো কাজ করতে পারে। 

এরপর এপ্রিল মাসে ‘পিক্সেল ৭এ’ ফোনের কিছু ব্যাটারি ফুলে ওঠার সমস্যার কারণে ফোন সারানো ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করেছিল মার্কিন সার্চ জায়ান্টটি।