১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাইরেসি শঙ্কায় ‘মেটা গ্লাস’ নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যের সিনেমা হলে

২০২১ সালে মেটা প্রথম স্মার্ট গ্লাস বাজারে আনলেও সম্প্রতি রে-ব্যান এবং ওকলি’র মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপের কারণে এর চাহিদা বেড়েছে।

পাইরেসি শঙ্কায় ‘মেটা গ্লাস’ নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যের সিনেমা হলে
পাব ও থিয়েটারগুলোর পর এবার যুক্তরাজ্যের সিনেমা হলগুলোতেও এই ধরনের পরিধানযোগ্য প্রযুক্তির ওপর বিধিনিষেধ দেখা যাচ্ছে। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 11:30 AM

Updated : 11 Sep 2026, 03:52 PM

পাইরেসি ও ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘনের আশঙ্কায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মেটা স্মার্টগ্লাস বা চশমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করছে কর্তৃপক্ষ।

স্মার্ট গ্লাসের সাহায্যে গোপনে সিনেমা রেকর্ড হওয়া ঠেকাতেই যুক্তরাজ্যভিত্তিক সিনেমা শিল্প সংগঠন ‘ইউকে সিনেমা অ্যাসোসিয়েশন’ বা ইউকেসিএ এমন পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

পাব ও থিয়েটারগুলোর পর এবার যুক্তরাজ্যের সিনেমা হলগুলোতেও এই ধরনের পরিধানযোগ্য প্রযুক্তির ওপর বিধিনিষেধ দেখা যাচ্ছে।

ইউকেসিএ বলেছে, তাদের আওতাধীন অনেক প্রেক্ষাগৃহ এরইমধ্যে নিজস্ব নীতিমালায় পরিবর্তন এনে দর্শনার্থীদের মেটা গ্লাস ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নানা ধরনের কড়াকড়ি আরোপ করেছে।

সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, “স্মার্ট গ্লাসের মতো পরিধানযোগ্য প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য তা বেশ উপকারী। তবে একইসঙ্গে এ প্রযুক্তি সিনেমা হলে ব্যক্তিগত প্রাইভেসি ও পাইরেসির মতো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

“এ কারণে ক্যামেরাওয়ালা স্মার্ট গ্লাসগুলোর ক্ষেত্রে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ নিজস্ব নীতিমালায় বিভিন্ন বিধিনিষেধ যোগ করছে। স্মার্টচশমা উদীয়মান প্রযুক্তিগত চ্যালেঞ্জ হওয়ায় সিনেমা হলগুলোর সিদ্ধান্ত যেন সময়োপযোগী ও যৌক্তিক হয় সে বিষয়েও কাজ চলছে।”

‘ওয়েদারস্পুন’সহ বেশ কয়েকটি বিখ্যাত পাব পরিচালনা কোম্পানিও ঘোষণা করেছে, নিজেদের প্রাঙ্গণে মেটা গ্লাসের মাধ্যমে কোনো ধরনের ভিডিও বা অডিও রেকর্ড করার অনুমতি মিলবে না।

২০২১ সালে মেটা প্রথম এ স্মার্ট গ্লাস বাজারে আনলেও সম্প্রতি রে-ব্যান এবং ওকলি’র মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপের কারণে এর চাহিদা বেড়েছে। গত বছরেই প্রায় ৭০ লাখ জোড়া স্মার্ট গ্লাস বিক্রি হয়েছে।

অনুমতি ছাড়া সিনেমা হলে চলচ্চিত্র রেকর্ড করা অনুচিত এ বিষয়ে একমত হয়ে মেটার একজন মুখপাত্র বলেছেন, “মানুষ তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে এই গ্লাস ব্যবহার করছেন। গান শোনা, লাইভ অনুবাদ বা হাত মুক্ত রেখে ফোন কলের মতো সুবিধা দিচ্ছে এই প্রযুক্তি।

“এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিশক্তিসম্পন্ন জনগোষ্ঠীর জন্য আমাদের ম্মার্ট গ্লাস গুরুত্বপূর্ণ ও সহায়ক প্রযুক্তি। ফলে এর ব্যবহারে ঢালাও সীমাবদ্ধতা আরোপ করা বড় এক পশ্চাৎমুখী পদক্ষেপ হবে।

“স্বভাবতই কিছু নির্দিষ্ট জায়গায় ভিডিও ধারণ করা একেবারে অনুচিত এবং তা যুক্তিসঙ্গত। তবে নিয়ম যেন সবক্ষেত্রে একইভাবে প্রয়োগ করা হয়।”