০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রেকর্ড আইনি রফা: যেসব পরিবর্তন আসছে ফেইসবুক, ইনস্টাগ্রামে

মেটা এসব নিয়ম বাস্তবায়ন করছে কি না তা পর্যালোচনার জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে, যা তদারকি করবে মামলাকারী ওই ২৯টি মার্কিন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।

রেকর্ড আইনি রফা: যেসব পরিবর্তন আসছে ফেইসবুক, ইনস্টাগ্রামে
আপস রফায় নিজেদের কোনো ধরনের অন্যায়ের কথা স্বীকার করেনি মেটা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 04:13 PM

Updated : 16 Sep 2026, 05:12 PM

ঐতিহাসিক আইনি লড়াইয়ের অবসান ঘটাতে প্রযুক্তি জায়ান্ট মেটা নিজেদের জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেইসবুকে বড় কিছু পরিবর্তনের অঙ্গীকার করেছে।

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের জানা-বোঝা ক্ষতির অভিযোগে মার্কিন ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা কোম্পানিটির বিরুদ্ধে ওই যৌথ মামলা দায়ের করেছিলেন।

আইনি ঝামেলা থেকে রেহাই পেতে অবশেষে বিষয়টি আপসের সিদ্ধান্ত নিয়েছে মেটা, যেখানে আইনি রফার অংশ হিসেবে মেটাকে বড় অংকের জরিমানা গুণতে হচ্ছে।

রফার প্রাথমিক শর্ত অনুসারে, মেটাকে ১ হাজার ২১০ কোটি ডলার পরিশোধ করতে হবে। তবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানির বিরুদ্ধে আনা মামলার ওপর ভিত্তি করে এই অর্থদণ্ডের পরিমাণ আরও ৫০০ কোটি ডলার বেড়ে সর্বোচ্চ ১ হাজার ৭১০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

আইনি পর্যালোচনায় নিজেদের কোনো ধরনের অন্যায়ের কথা স্বীকার করেনি মেটা। মোটা অংকের অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি টিনএজারদের ওপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব সীমিত করতে ফেইসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ নতুন বিধিনিষেধ, সুরক্ষা ফিচার ও পরিচালনগত পরিবর্তন আনছে মেটা।

আইন বিশেষজ্ঞরা বলছেন, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আসা এসব পরিবর্তন অদূর ভবিষ্যতে স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরও প্রযোজ্য হতে পারে।

মার্কিন ২৯টি অঙ্গরাজ্যের সঙ্গে করা ঐতিহাসিক চুক্তির আওতায় ফেইসবুক ও ইনস্টাগ্রামে যেসব সুনির্দিষ্ট কড়াকড়ি ও সুরক্ষা ফিচার চালু করতে বাধ্য হচ্ছে মেটা তার প্রধান দিকগুলো হল–

●    দৈনিক সময়সীমা নির্ধারণ: অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টার বেশি ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না। অনবরত স্ক্রলিং বন্ধ করতে প্রতি ১৫ মিনিট পর পর শিশুদের বিরতি নেওয়ার বার্তা বা নোটিফিকেশন দেবে মেটা। প্রাথমিক এই বিধিনিষেধ আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। তবে টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউব একই শর্ত মেনে নিলে ব্যবহারসীমা কমিয়ে দিনে এক ঘণ্টা করা হবে এবং তা কার্যকর থাকবে ১০ বছরের জন্য।

●    রাতের বেলার ব্যবহার ও নোটিফিকেশন বন্ধ: মধ্যরাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত টিনএজাররা কোনো নিউজফিড দেখতে পারবে না। এ ছাড়া, রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সব ধরনের নোটিফিকেশন আসা সম্পূর্ণ বন্ধ থাকবে।

●    স্কুল চলাকালে নোটিফিকেশনে নিষেধাজ্ঞা: শিক্ষাবর্ষ চলাকালীন ক্লাসের দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কোনো ‘পুশ নোটিফিকেশন’ পাঠানো যাবে না।

●    বয়স যাচাইকরণ প্রক্রিয়া কঠোর করা: অল্প বয়সী শিশুরা যাতে প্রাপ্তবয়স্ক সেজে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে না পারে সেজন্য আধুনিক ও কার্যকর ‘এজ ভেরিফিকেশন’ বা বয়স যাচাইকরণ ব্যবস্থা চালুর হচ্ছে।

●    ক্ষতিকর কনটেন্টে কড়াকড়ি: সাইবার বুলিয়িং বা অনলাইন নিপীড়ন, খাদ্যাভ্যাসের রোগ বা ইটিং ডিজঅর্ডার, নিজের জীবনাবসান ও আত্মঘাতী প্রচারণামূলক কনটেন্ট থেকে শিশুদের দূরে রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

●    মা-বাবার নিয়ন্ত্রণে সহজ ও কার্যকর ফিচার: মা-বাবারা যাতে সন্তানদের অনলাইন কর্মকাণ্ড সহজে তদারকি ও সীমিত করতে পারেন সেজন্য মেটাকে আরও সহজ ‘প্যারেন্টাল কন্ট্রোল’ অপশন যোগ করতে হবে।

●    ‘সামাজিক তুলনা’ ও ফিল্টারে নিষেধাজ্ঞা: হীনমন্যতা ও মানসিক বিষণ্নতা তৈরির জন্য দায়ী বিউটি ফিল্টার ও লাইকের সংখ্যা দেখানোর বিভিন্ন ফিচার টিনএজার ব্যবহারকারীদের জন্য বন্ধ বা সীমিত করতে হবে।

মেটা এসব নিয়ম সঠিকভাবে বাস্তবায়ন করছে কি না তা পর্যালোচনার জন্য একটি স্বাধীন বা নিরপেক্ষ নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে। আর পুরো বিষয়টি তদারকি করবে মামলাকারী ওই ২৯টি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।