১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০তম বিডিনগ সম্মেলন হচ্ছে সিলেটে

কারিগরি কর্মশালায় প্রাধান্য পাবে, নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স এবং অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক।

২০তম বিডিনগ সম্মেলন হচ্ছে সিলেটে
বিডিনগ হচ্ছে দেশে ইন্টারনেট অবকাঠামো নির্মাণ, পরিচালন ও নিরাপত্তায় নিয়োজিত প্রকৌশলীদের সংগঠন। ছবি: বিডিনগ

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 10:33 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, পরিচালন ও নিরাপত্তায় নিয়োজিত প্রকৌশলীদের সংগঠন বিডিনগ এবার সিলেটে আয়োজন করতে যাচ্ছে তাদের ২০তম সম্মেলন ও কর্মশালা।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে চার দিনের এ সম্মেলন ও কারিগরি কর্মশালা আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে সিলেটের একটি হোটেল ও রিসোর্টে।

আয়োজকরা বলেছেন, ১১ থেকে ১৩ নভেম্বর আয়োজিত হবে কারিগরি কর্মশালা, আর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। এবারের সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)।

সম্মেলনে বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুতের পাশাপাশি বক্তব্য রাখবেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বিডিনগ মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানিয়েছেন, এবারের কারিগরি কর্মশালায় তিনটি মূল বিষয় প্রাধান্য পাবে। এগুলো হল, নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স, এবং অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক।

তিনি বলেন, “প্রকৌশলীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এর সুফল পাবে দেশের আইএসপি খাত।”

বিডিনগ মূলত দেশে ইন্টারনেট অবকাঠামো নির্মাণ, পরিচালন ও নিরাপত্তায় নিয়োজিত প্রকৌশলীদের সংগঠন, যারা নিয়মিতভাবে এই ধরনের সম্মেলনের মাধ্যমে জ্ঞান বিনিময় ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর আগের বিডিনগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কক্সবাজারে, যেখানে দেশের শতাধিক প্রকৌশলী অংশ নিয়েছিলেন।