পাসওয়ার্ড রিসেট বিভ্রান্তি: তথ্য ফাঁস হয়নি জানাল ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম বলেছে, ‘প্লাটফর্মটিতে একটি ত্রুটি ঠিক করেছি আমরা, যার সুযোগ নিয়ে কিছু মানুষের কাছে পাসওয়ার্ড রিসেটের ইমেইল পাঠিয়েছিল থার্ড পার্টি।”
অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সম্প্রতি তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের মেসেজ পাচ্ছিলেন। তবে অ্যাপটির সিস্টেমে কোনো হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম।
শুক্রবার ব্লুস্কাইয়ের এক পোস্টে অ্যান্টিভাইরাস কোম্পানি ‘ম্যালওয়্যারবাইটস’ বলেছিল, “ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, যেখানে ঝুঁকিতে রয়েছে পৌনে দুই কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এ কারণে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেট করার অনুরোধ পেয়েছেন অনেক ব্যবহারকারী।”
ওই পোস্টে ইনস্টাগ্রাম থেকে পাঠানো এক ইমেইলের স্ক্রিনশটও শেয়ার করেছিল ম্যালওয়্যারবাইটস, যেখানে ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট করার অনুরোধের বিষয়টি উঠে এসেছে।
তবে এখন ইনস্টাগ্রাম বলছে, অ্যাপটিতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি, যা ম্যালওয়্যারবাইটসের ওই পোস্টের একেবারে বিপরীত বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
ম্যালওয়্যারবাইটস আরও বলেছিল, “ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের ইউজার নেইম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেসসহ আরও অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা হয়েছে এবং এগুলোর অপব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।”
তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ‘প্লাটফর্মটিতে এমন একটি ত্রুটি ঠিক করেছি আমরা, যার সুযোগ নিয়ে কিছু মানুষের কাছে পাসওয়ার্ড রিসেট করার ইমেইল পাঠাতে পারছিল থার্ড পার্টি।”
কোম্পানিটি সেই থার্ড পার্টি বা নির্দিষ্ট সমস্যাটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
তবে পোস্টের শেষে ইনস্টাগ্রাম বলেছে, “আপনারা ওইসব ইমেলকে উপেক্ষা করতে পারেন। আর এই বিভ্রান্তির জন্য আমরা দুঃখিত।”
আরও পড়ুন…
