১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাকাউন্ট সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশনে কেবল ছয় অংকের পিন ব্যবহারের সুযোগ ছিল। নতুন আপডেটে অন্তত আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

অ্যাকাউন্ট সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার
একাধিক ডিভাইসে কাজ করার সুবিধার্থে ও কল স্প্যামিং বন্ধে নতুন ফিচার উন্মোচন করেছে হোয়াটসঅ্যাপ। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 02:32 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

অ্যাপের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত রাখতে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’-এ ছয় ডিজিটের পিনের পরিবর্তে আরও শক্তিশালী ‘আলফানিউমেরিক’ বা অক্ষর ও সংখ্যার সমন্বয়ে গঠিত পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা চালু করেছে তারা।

২০১৭ সাল থেকে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশনে কেবল ছয় অংকের পিন ব্যবহারের সুযোগ ছিল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন আপডেটে গ্রাহকদের অন্তত আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যার মধ্যে কম করে হলেও সংখ্যা ও একটি অক্ষর থাকা বাধ্যতামূলক।

চাইলে ব্যবহারকারীরা এতে বিশেষ চিহ্ন বা স্পেশাল ক্যারেক্টারও যোগ করতে পারবেন। উদ্যোগটি বাধ্যতামূলক না হলেও অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য এটা ব্যবহারের আহ্বান জানিয়েছে কোম্পানিটি।

যারা দীর্ঘদিন ধরে ‘১২৩৪৫৬’-এর মতো দুর্বল বা সহজ পিন ব্যবহার করছেন তাদেরকে অবিলম্বে নতুন এ শক্তিশালী পাসওয়ার্ড সেট করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

একাধিক ডিভাইসে কাজ করার সুবিধার্থে ও কল স্প্যামিং বন্ধে নতুন ফিচার উন্মোচন করেছে হোয়াটসঅ্যাপ।

অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য অ্যাপটি এখন একই অ্যাকাউন্টে একাধিক পাসকি সমর্থন করবে। ব্যবহারকারীরা খুব সহজেই অ্যাপের সেটিংয়ে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে ‘পাসকি’ যোগ করতে পারবেন।

পাশাপাশি, অচেনা নম্বর থেকে আসা কলের পরিচয় চিহ্নিত করার প্রক্রিয়াও সহজ করেছে হোয়াটসঅ্যাপ। কনট্যাক্ট লিস্টে সেইভ না থাকা কোনো নম্বর থেকে কল এলে গ্রাহক এখন থেকে বাড়তি কিছু তথ্য বা কনটেক্সট দেখতে পাবেন।

এর মধ্যে রয়েছে নম্বরটি কোন দেশের ও কলকারী ব্যক্তির সঙ্গে তার কোনো কমন বা যৌথ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি না।

মেটা বলেছে, এসব নতুন তথ্য প্রতারক বা স্ক্যামারদের সহজে শনাক্ত করতে সাহায্য করবে। তবে অপরিচিত কলের এ কনটেক্সট ফিচারটি আপাতত কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই চালু হয়েছে।