Published : 28 Aug 2025, 07:19 PM
চীনা হ্যাকারদের বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ খাতের বিভিন্ন ব্যবসা ও সংস্থাকে সতর্ক করেছে যুক্তরাজ্য ও তার ১২টি মিত্র দেশ। কারণ, তিনটি চীনা প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে বিশ্বজুড়ে সাইবার হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টারসহ ১৩টি দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা সতর্কবার্তা জারি করে বলেছে, গুরুত্বপূর্ণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান যেন চীনা হ্যাকারদের কোনো সন্দেহজনক আচরণ খুঁজে বের করতে ‘নিজে থেকেই খোঁজখবর রাখে’। আর কোনো নিরাপত্তা ত্রুটি বা ফাঁকফোকর থাকলে তা দ্রুত ঠিক করা উচিত।
যুক্তরাজ্য প্রশাসন বলেছে, সাইবার আক্রমণকারীরা যেসব বিদেশি সরকার ও টেলিকমের মতো গুরুত্বপূর্ণ সেবাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা ম্যালওয়্যার ব্যবহার করছে না বা আগে কখনো খুঁজে না পাওয়া ত্রুটিকেও কাজে লাগাচ্ছে না, বরং সাধারণভাবে পরিচিত বিভিন্ন ত্রুটিকেই ব্যবহার করছে তারা।
বুধবার জারি করা এক নিরাপত্তা পরামর্শে তিনটি চীনা প্রযুক্তি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে, তারা চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে সাইবার-সংক্রান্ত সেবা দিয়ে থাকে।
‘সিচুয়ান জুসিনহে নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি লিমিটেড’, ‘বেইজিং হুয়ান্যু তিয়ানকিওং ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড’ এবং ‘সিচুয়ান ঝিক্সিন রুইজি নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি লিমিটেড’ নামের তিনটি চীনা প্রযুক্তি কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এরা চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার জন্য সাইবার-সম্পর্কিত সেবা প্রদান করে ও বৈশ্বিক হ্যাকিং কার্যক্রমের সঙ্গে জড়িত।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, ধারণা করা হয়, এ তিনটি চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে এমন কিছু সাইবার হামলার সম্পর্ক রয়েছে, যেগুলো বিভিন্ন দেশের সরকার, টেলিকম কোম্পানি, পরিবহন ব্যবস্থা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ২০২১ সাল থেকে বিশ্বজুড়ে চালানো হয়েছে। এসব হামলার মধ্যে যুক্তরাষ্ট্রেও হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যেখানে ‘একাধিক হ্যাকিং বা নজরদারিমূলক তৎপরতা’ ছিল।
এর মধ্যে রয়েছে ‘সল্ট টাইফুন’ নামে পরিচিত কিছু সাইবার আক্রমণ। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলেছে, এসব সাইবার হামলার মাধ্যমে বহু অজ্ঞাত সংখ্যক মার্কিন নাগরিকের ব্যক্তিগত টেক্সট বার্তা ও ফোনালাপের ওপর প্রবেশাধিকার পেয়েছে বেইজিং।
যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান নির্বাহী ড. রিচার্ড হর্ন বলেছেন, “চীনে অবস্থিত যেসব বাণিজ্যিক কোম্পানির নাম উল্লেখ করেছি আমরা তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এসব কোম্পানি এক সীমানাহীন ক্ষতিকর সাইবার কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে, যা বৈশ্বিক পরিসরে পরিচালিত হয়েছে।
“বিশ্বের যেসব গুরুত্বপূর্ণ খাতের প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে তাদের অবশ্যই এ আন্তর্জাতিক সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ সাইবার হামলাকারীরা এমন ত্রুটিকে কাজে লাগাচ্ছে, যেগুলো জনসাধারণের কাছে আগে থেকেই পরিচিত এবং তাই তা সহজেই সংশোধনযোগ্য।”