১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন এআই স্টার্টআপ ‘প্রজেক্ট প্রমিথিউস’ নিয়ে জেফ বেজোস

‘প্রজেক্ট প্রমিথিউস’ এআই সিস্টেম তৈরির দিকে মনোযোগ দেবে, যা কেবল ডিজিটাল তথ্য প্রক্রিয়াজাত না করে বাস্তব বিশ্বের জ্ঞানও ‘অর্জন’ করতে পারবে।

নতুন এআই স্টার্টআপ ‘প্রজেক্ট প্রমিথিউস’ নিয়ে জেফ বেজোস
এ প্রকল্পের জন্য ছয়শ ২০ কোটি ডলার তহবিল রাখা হয়েছে, যার কিছু অর্থ বেজোস নিজেই দেবেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 01:34 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

নতুন এক প্রকৌশলকেন্দ্রিক এআই স্টার্টআপের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন ও মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, ‘প্রজেক্ট প্রমিথিউস’ নামের নতুন এক এআই স্টার্টআপের নেতৃত্ব দিচ্ছেন বেজোস। স্টার্টআপটি মূলত বেজোসের বর্তমান আগ্রহের বিষয় মহাকাশ ও এ সংশ্লিষ্ট প্রকৌশল নিয়ে কাজ করবে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা।

এ প্রকল্পের জন্য ৬শ ২০ কোটি ডলার তহবিল রাখা হয়েছে, যার কিছু অর্থ বেজোস নিজেই দেবেন। একইসঙ্গে স্টার্টআপটির সহ-প্রধান নির্বাহী হিসেবেও তিনি কাজ করবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘প্রজেক্ট প্রমিথিউস’ এআই সিস্টেম তৈরির দিকে মনোযোগ দেবে, যা কেবল ডিজিটাল তথ্য প্রক্রিয়াজাত না করে বাস্তব বিশ্বের জ্ঞানও ‘অর্জন’ করতে পারবে। এ কাজ সাধারণত বিভিন্ন এআই চ্যাটবট করে না।

যানবাহন ও মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে প্রকৌশল ও উৎপাদনকে সহায়তার জন্য এআই কীভাবে ব্যবহার করা যায় তা-ও পরীক্ষা করবে ‘প্রজেক্ট প্রমিথিউস’।

দুই দশক আগে মহাকাশ প্রযুক্তি কোম্পানি ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেছিলেন বেজোস। সম্প্রতি দ্বিতীয় উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে তার কোম্পানির ‘নিউ গ্লেন’ রকেট।

এ প্রকল্পে বেজোসের সঙ্গে রয়েছেন ভৌতবিজ্ঞানী ও রসায়নবিদ ভিক বাজাজ। স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সিইও হিসেবে কাজ করবেন তিনি। তার কাজের ঝুলিতে রয়েছে ‘গুগল এক্স’-এর অভিজ্ঞতা।

‘ফরেসাইট ল্যাবস’ কোম্পানির ওয়েবসাইট ও তার লিংকডউন পেইজ অনুসারে, ২০১৮ সালে ‘ফরেসাইট ল্যাবস’ সহ-প্রতিষ্ঠা করেন বাজাজ, যা এআই ও ডেটা সায়েন্স ক্ষেত্রে উদ্যোক্তাদের সহায়তা করে। বর্তমানে ‘ফরেসাইট ল্যাবস’-এর সিইও হিসেবেও নাম রয়েছে তার। এ মাস থেকে ‘প্রজেক্ট প্রমিথিউস’-এ তার কাজ শুরু করেছেন বাজাজ।

‘প্রজেক্ট প্রমিথিউস’-এর লিংকডউন পেইজে স্টার্টআপটি নিয়ে খুব বেশি তথ্য দেওয়া নেই। পেইজে কেবল লেখা রয়েছে, ‘ভৌত অর্থনীতির জন্য এআই’। এ ছাড়াও স্টার্টআপটি নিজেদেরকে ‘প্রযুক্তি, তথ্য ও ইন্টারনেট কোম্পানি’ হিসেবে বর্ণনা করেছে, যাদের কর্মী সংখ্যা ৫১ থেকে দুইশো।

নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, এরইমধ্যে প্রায় একশ জনকে নিয়োগ দিয়েছে স্টার্টআপটি, যাদের মধ্যে কিছু কর্মী এসেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও ডিপমাইন্ডের মতো অন্যান্য এআই কোম্পানি থেকে।