Published : 31 Mar 2026, 05:10 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় পা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই।
কোম্পানিটির নতুন এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কোনো কোডিং ছাড়াই সাধারণ ভাষায় লিখে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দমতো কাস্টম সামাজিক মাধ্যম ফিড তৈরি করতে পারবেন।
ব্লুস্কাইয়ের প্রধান উদ্ভাবন কর্মকর্তা জে গ্রেবার ও তার নতুন ‘এক্সপ্লোরেশন টিম’ মিলে ‘অ্যাটি’ এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছেন, যা ব্যবহারকারীদের পছন্দমতো কাস্টম ফিড তৈরি করতে সাহায্য করবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, ‘অ্যাটি’কে ‘এজেন্টিক সোশাল অ্যাপ’ হিসেবে বর্ণনা করেছেন গ্রেবার, যা ব্লুস্কাইয়ের নিজস্ব ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক ‘এটি প্রোটোকল’-এর ওপর ভিত্তি করে তৈরি। অ্যাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কোনো কোডিং বা প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই।
অ্যাটি’র ওয়েবসাইটে এর কিছু উদাহরণ মিলেছে। যেমন, ‘আমার নেটওয়ার্কে থাকা মানুষদের ইলেকট্রনিক মিউজিক ও এক্সপেরিমেন্টাল সাউন্ডের পোস্টগুলো দেখাও’ বা ‘যারা এজেন্ট ইনফ্রাস্ট্রাকচার ও ওপেন প্রোটোকল ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের দেখাও’ এমন নির্দেশ দিলেই অ্যাটি তা করে দেবে।
এক ব্লগ পোস্টে অ্যাটি সম্পর্কে বর্ণনায় গ্রেবার বলেছেন, “বিষয়টি সফটওয়্যার কনফিগার করার চেয়ে অনেকটা আলাপচারিতার মতো মনে হতে পারে। আপনি কী ধরনের পোস্ট দেখতে চান তা কেবল বর্ণনা করবেন, আর এ কোডিং এজেন্ট আপনার বর্ণানুসারে ফিডটি তৈরি করে দেবে।”
গ্রেবার আরও বলেছেন, ব্লুস্কাই থেকে সম্পূর্ণ আলাদা অ্যাটি। কোনো ব্যবহারকারী যদি এই নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে না চান তবে তাকে ব্যবহারে বাধ্য করা হবে না।
তবে যেহেতু অ্যাটি ও ব্লুস্কাই একই ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি ফলে ভবিষ্যতে এ দুটি অ্যাপ বা ‘এটি প্রোটোকল’ দিয়ে তৈরি অন্য যে কোনো অ্যাপের মধ্যে একে অপরের ফিচার ব্যবহারের সুযোগ থাকতে পারে।
বর্তমানে অ্যাটি সবার জন্য উন্মুক্ত নয়। কেবল আমন্ত্রিতদের জন্য বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। তবে আগ্রহী যে কেউ তাদের ওয়েবসাইটে গিয়ে ‘ওয়েটলিস্ট’-এ নাম লিখিয়ে রাখতে পারেন।