২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

অ্যাডাপটিভ ব্রাইটনেস কাজ করছে না? দেখে নিন ঠিক করার নিয়ম

এ ফিচারটি সবসময় সঠিকভাবে কাজ করে না। ফলে, অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করা থাকলেও স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা এলোমেলোভাবে বাড়তে বা কমে যেতে পারে।

অ্যাডাপটিভ ব্রাইটনেস কাজ করছে না? দেখে নিন ঠিক করার নিয়ম
ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:50 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

কেবল ফোনে কথা বলা নয়, নানা কাজেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যবহার রয়েছে। আর কাজের সুবাদে অনেকেরই গোটা দিনজুড়ে ব্যবহার করতে হয় এ ডিভাইস। তাদের জন্য ফোনের ‘অ্যাডাপটিভ ব্রাইটনেস’ দরকারি একটি ফিচার।

অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা আশপাশের পরিবেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে। কেউ যখন দিনের বেলা রোদের মধ্যে বাইরে থাকেন, এ ফিচারের মাধ্যমে স্ক্রিনের উজ্জ্বলতা বেড়ে যায়। আবার কম আলো বা ছায়া রয়েছে এমন জায়গায় এলেই এর মাধ্যমে স্ক্রিনের উজ্জ্বলতার তীব্রতা কমে যায়।

সাধারণত, ব্যবহারকারীর চোখের ওপর চাপ কমাতে এবং ব্যাটারির আয়ু বাঁচাতে ফোনটি স্ক্রিনের আলোর এ পরিবর্তন করে। তবে, এ ফিচারটি সবসময় সঠিকভাবে কাজ করে না। ফলে, অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করা থাকলেও স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা এলোমেলোভাবে বাড়তে বা কমে যেতে পারে।

অ্যাডাপটিভ ব্রাইটনেস ফোনের ইন-বিল্ট সেন্সরের ওপর নির্ভর করে, যা অনেক বেশি সংবেদনশীল হতে পারে। ফোনের নোটিফিকেশন বারের ‘ব্রাইটনেস স্লাইডার’ একজন ব্যবহারকারী কীভাবে পরিবর্তন করছেন এটি তার ভিত্তিতে ফোনেই ব্রাইটনেস ঠিক করে থাকে। তবে, অ্যাডাপটিভ ব্রাইটনেস ও অটো ব্রাইটনেস ফিচারটি মধ্যে পার্থক্য হল, অটো ব্রাইটনেস কেবলই পরিবেশের আলোর ভিত্তিতে ফোনের উজ্জ্বলতা নির্ধারণ করে।

অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচারটি ‘ডিভাইস হেলথ সার্ভিসেস’ অ্যাপের একটি অংশ, তাই ফিচারের রিসেট বোতামটি সেটিংস মেনুতে অ্যাপের ইনফো পেইজে পাওয়া যাবে। তবে, কিছু পিক্সল ফোন ও কয়েকটি কোম্পানির ফোনে এ রিসেট বোতাম থাকে না বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস। সে ক্ষেত্রে, অ্যাপের ডেটা ক্লিয়ার করে নিতে পারেন।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচারটি রিসেট করবেন।

১.     প্রথমে ফোনের সেটিংস অ্যাপটি চালু করুন। স্ক্রল করে ‘অ্যাপস’ অপশনে চাপ দিন।

২.     অ্যাপের একটি তালিকা সামনে এলে সেখান থেকে ‘ডিভাইস হেলথ সার্ভিসেস’ অ্যাপটির ওপরে চাপ দিন।

৩.     ‘স্টোরেজ অ্যান্ড কেইস’ অপশনে চাপ দিন।

৪.     ‘ম্যানেজ স্পেস’ অপশনে চাপ দিন। 

৫.     এরপর ‘রিসেট অ্যাডাপটিভ ব্রাইটনেস’ ফিচারটির ওপরে চাপ দিন।

৬.     ‘ওকে’ অপশনে চাপ দিয়ে নিজের পছন্দটি নিশ্চিত করুন। ওকে অপশনে চাপ দিলেই ফিচারটি আবার ডিফল্ট সেটিংয়ে ফিরে যাবে।

এ ছাড়া, নিজের ডিভাইসে অ্যাডাপটিভ ব্রাইটনেস রিসেট করার অপশন না পেলে অথবা রিসেট করার পরেও ফিচারটি কাজ না করলে, ডিভাইসেস হেলথ সার্ভিসেস অ্যাপটির ‘কেইস ও স্টোরেজ ডেটা’ মুছে ফেলুন। নিজের অ্যাপ তালিকায় গিয়ে ওপরের একই পদ্ধতিতে ডিভাইসেস হেলথ সার্ভিসেস অ্যাপের অপশনটি চালু করুন। তবে, এবারে রিসেট অপশনের বদলে ‘ক্লিয়ার অল ডেটা’ অপশনটি চাপ দিয়ে ‘ওকে’ নির্বাচন করুন।

তবে, ডেটা ক্লিয়ার করার অপশনটি নিজের শেষ অপশন হিসেবে চেষ্টা করার পরামর্শ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিস। কারণ, ডেটা ক্লিয়ার করলে মোবাইলের ব্যাটারির তথ্যসহ ডিভাইসেস হেলথ সম্পর্কিত সব তথ্য মুছে যায়।