১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছবি তৈরির নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ আনল ওপেনএআই

এ নতুন মডেল ও ফিচারগুলোকে বিশেষভাবে ব্যবসা ও কর্পোরেট ব্যবহারের জন্য উপযোগী টুল হিসেবে তুলে ধরেছে ওপেনএআই।

ছবি তৈরির নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ আনল ওপেনএআই
বুধবার থেকেই সব ব্যবহারকারীদের জন্য এ নতুন মডেলটি পাওয়া যাচ্ছে। ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ছবি তৈরির সিস্টেমে বড় পরিবর্তন এনেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এতে নতুন এক মডেল ও আধুনিক ইন্টারফেইস যোগ করেছে কোম্পানিটি।

মঙ্গলবার এক ঘোষণায় নিজেদের ‘নতুন প্রধান ছবি তৈরির মডেল’ হিসেবে ‘জিপিটি ইমেজ ১.৫’ চালু করেছে কোম্পানিটি। 

ওপেনএআই বলেছে, ব্যবহারকারীদের দেওয়া নির্দেশনা মডেলটি আরও ভালোভাবে বুঝতে, নির্দিষ্টভাবে ছবি এডিট ও আগের তুলনায় প্রায় চার গুণ দ্রুত ছবি তৈরি করতে পারবে।

বুধবার থেকেই সব ব্যবহারকারীর জন্য এ নতুন মডেলটি পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, নতুন মডেলটি ব্যবহারকারীর আসল উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে পারবে, বিশেষ করে আগে থেকে থাকা কোনো ছবি পরিবর্তনের বেলায় তা কার্যকর হবে।

এ আপডেটের মাধ্যমে আরও কার্যকর ও দরকারি ছবি এডিট, পোশাক ও চুলের স্টাইল বদলে দেখার বাস্তবসম্মত সুবিধা এবং বিভিন্ন স্টাইলের ফিল্টার ও ধারণাভিত্তিক পরিবর্তন পাবেন ব্যবহারকারীরা। তবে এসব ক্ষেত্রে ছবির মূল ভাব ঠিক থাকবে বলে দাবি করেছে ওপেনএআই।

এ ছাড়া, চ্যাটজিপিটির সাইডবারে ‘ইমেজ’ নামে নতুন এক আলাদা ট্যাব যোগ হবে। সেখানে আগে থেকে তৈরি ফিল্টার, জনপ্রিয় প্রম্পট ও নতুন আইডিয়ার তালিকা পাবেন ব্যবহারকারী।

এ নতুন মডেল ও ফিচারগুলোকে বিশেষভাবে ব্যবসা ও কর্পোরেট ব্যবহারের জন্য উপযোগী টুল হিসেবে তুলে ধরেছে ওপেনএআই। বিনিয়োগকারীদের চাপের মধ্যে লাভজনক হওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।

এদিকে, এআই দিয়ে ছবি তৈরির ক্ষেত্রে বিভিন্ন এআই ল্যাবের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে, বিশেষ করে গুগলের ‘ন্যানো ব্যানানা’ জনপ্রিয়তা পাওয়ার পর এই প্রতিযোগিতা আরও বেড়েছে।

কোম্পানিটি বলেছে, “এআই মডেল এখন কেবল মজার বা নতুন ধরনের ছবি বানানোর বিষয়ের মধ্যে নেই, বরং ব্যবহারযোগ্য, বাস্তবসম্মত ও উচ্চমানের ছবি তৈরির দিকেও বড় এক পরিবর্তন। 

“এ মডেলের মাধ্যমে চ্যাটজিপিটি হয়ে উঠছে দ্রুত ও সহজ এক সৃজনশীল স্টুডিও, যেখানে অ্যাপটিকে দৈনন্দিন জীবনের ছবি এডিট, স্টাইল বদলানো ও বাস্তব কাজে ব্যবহার করা যাবে। ছবি তৈরির এসব টুল কাজের প্রয়োজনে এবং পণ্যের ছবি বানাতেও দরকারি হবে।”

ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের সিইও ফিদজি সিমো নিজের সাবস্ট্যাক পোস্টে লিখেছেন, নতুন এ মডেল ও ছবি সংক্রান্ত ফিচারগুলো ‘আসলে পূর্ণাঙ্গ এক সৃজনশীল স্টুডিওর মতো করেই’ কাজ করবে।