১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

বর্তমান হামাসের সঙ্গে সংঘর্ষ ও সম্প্রসারিত আঞ্চলিক সংঘাতের আগেও ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে বহুবার ‘হানি পট’ সাইবার হামলার খবর এসেছে।

অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী
সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের সতর্কতা ও অনুশীলন চালাচ্ছে আইডিএফ। অ্যান্ড্রয়েড নিষিদ্ধের সিদ্ধান্তও তারই অংশ। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

নিরাপত্তার কারণে সেনাবাহিনী সিনিয়র অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

এর কয়েক সপ্তাহ আগেই গুগল বলেছিল আইফোনের তুলনায় বেশি নিরাপদ অ্যান্ড্রয়েড ফোন। তবে হঠাৎ করে পরিস্থিতি পাল্টে গেল। অ্যান্ড্রয়েড নিষিদ্ধের খবর প্রকাশ করেছে ইসরায়েলের ‘আর্মি রেডিও’ এবং পরে তা তুলে ধরেছে ‘জেরুজালেম পোস্ট’।

প্রতিবেদনে অনুসারে, “নতুন নিয়ম অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল বা তার ওপরে পদমর্যাদার কর্মকর্তারা কেবল আইফোন ব্যবহার করতে পারবেন। সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফোনে হ্যাকিং বা অনুপ্রবেশের ঝুঁকি কমানোর লক্ষ্যে।”

বর্তমান হামাসের সঙ্গে সংঘর্ষ ও সম্প্রসারিত আঞ্চলিক সংঘাতের আগেও ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে বহুবার ‘হানি পট’ সাইবার হামলার খবর এসেছে। এ ধরনের হামলায় সেনাদের ডিভাইসকে লক্ষ্য করে করা হয়, যাতে ফোন বা কম্পিউটারে হ্যাকিংয়ের মাধ্যমে তাদের মূল্যবান তথ্য চুরি করা যায়, যেমন সৈন্যদের অবস্থানের মতো গুরুত্বপূর্ণ সামরিক তথ্য।

তবে রোমাঞ্চকর বিষয় হচ্ছে ঠিক গত মাসেই গুগল ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ইনফরমেশন নেটওয়ার্ক অনুমোদন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের বিভিন্ন পিক্সেল ফোন।

গুগল বলেছে, “পিক্সেল ফোনগুলো এমনভাবে তৈরি হয়েছে, যাতে বিভিন্ন মিশনের জন্য প্রস্তুত ও নিরাপদ থাকে এবং আমাদের ইকোসিস্টেমের সঙ্গে সাবলীলভাবে কাজ করতে পারে।”

ওই সময় যুক্তরাষ্ট্রের অনুমোদনের এ সার্টিফিকেশনকে ‘গুরুত্বপূর্ণ এক অগ্রগতি’ এবং ‘বিভিন্ন সংস্থাকে নিরাপদ ও আধুনিক প্রযুক্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ’ বলে বর্ণনা করেছিল গুগল। ফলে ইসরায়েলের অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধের খবরটি গুগলের জন্য হতাশাজনক খবর হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ফোর্বস।

জেরুজালেম পোস্ট লিখেছে, এ পদক্ষেপটি আগের কিছু উদ্যোগেরই ধারাবাহিকতা। যার মধ্যে রয়েছে মোবাইল ব্যবহারের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও সেনাবাহিনীকে সোশাল ইঞ্জিনিয়ারিং কৌশল সম্পর্কে সচেতন করা। 

“সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের সতর্কতা ও অনুশীলন চালাচ্ছে আইডিএফ। অ্যান্ড্রয়েড নিষিদ্ধের সিদ্ধান্তও তারই অংশ।”

ইসরায়েল ন্যাশনাল নিউজ বলেছে, নতুন নিয়ম অনুসারে আইফোন ছাড়া কোনো সামরিক মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদিত থাকবে। তবে সামরিক বা কমান্ড সম্পর্কিত কাজের উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ।

নিরাপত্তা শক্তিশালী ও আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে গত ১৮ থেকে ২৪ মাসে অ্যান্ড্রয়েডে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। এর পরের ধাপ হিসেবে আগামী বছর থেকে বাইরে থেকে অ্যাপ ইনস্টল সীমিত করার পরিকল্পনা রয়েছে কোম্পানটির। তবে আইফোনরে নিয়ন্ত্রিত ইকোসিস্টেম থাকার কারণে নিরাপত্তার দিক থেকে এখনও এগিয়ে রয়েছে অ্যাপল।