০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নিলামে উঠছে অ্যাপল প্রতিষ্ঠা চুক্তির মূল দলিল

১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’ প্রতিষ্ঠার জন্য যে লিখিত চুক্তিটি হয়েছিল তা এবার নিলামে তোলা হচ্ছে।

নিলামে উঠছে অ্যাপল প্রতিষ্ঠা চুক্তির মূল দলিল
অ্যাপল প্রতিষ্ঠার নথিটি নিঃসন্দেহে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নথি হলেও চুক্তিটি দীর্ঘ সময়ের জন্য ছিল না। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 11:56 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

নিলামে বিক্রি হবে অ্যাপলের প্রতিষ্ঠার মূল নথিটি এবং এর দাম কয়েক লাখ ডলার হতে পারে।

১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’ প্রতিষ্ঠার জন্য যে লিখিত চুক্তিটি হয়েছিল তা এবার নিলামে তোলা হচ্ছে, যেখানে এর দাম প্রায় ৪০ লাখ ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের শুরুতে অ্যাপলের প্রতিষ্ঠার তিন পাতার এই মূল নথিটি নিলামে তুলবে ব্রিটিশ নিলাম কোম্পানি ‘ক্রিস্টি’স, যার নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শাখা রয়েছে।

নথিতে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রন ওয়েইনের স্বাক্ষরের পাশাপাশি তাদের সেই সময়ের অ্যাপল কোম্পানিতে থাকা অংশীদারিত্বের তথ্যও আছে। সেই অ্যাপলই এখন পরিণত হয়েছে চার ট্রিলিয়ন ডলারের বিশ্বের অন্যতম বড় কোম্পানিতে।

অ্যাপল প্রতিষ্ঠার নথিটি নিঃসন্দেহে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নথি হলেও চুক্তিটি দীর্ঘ সময়ের জন্য ছিল না। কারণ, এক বছরের কম সময়ের মধ্যে ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’ নাম থেকে ‘অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন’-এ পরিণত হওয়ার পর নিজের ১০ শতাংশ শেয়ার অন্য দুই সহ-প্রতিষ্ঠাতার কাছে বিক্রি করে দিয়েছিলেন ওয়েইন।

কোম্পানিটি তৈরি হওয়ার কেবল দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তা ছেড়ে দেন ওয়েইন। ২০১৬ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েইন বলেছিলেন, এ সিদ্ধান্তের জন্য তার কোনো অনুশোচনা হয় না।

তবে ওই সময়ে অ্যাপলের ১০ শতাংশের শেয়ারের মূল্য প্রায় ৬ হাজার কোটি ডলার হত, যা সম্ভবত এখনকার চেয়েও বেশ কিছুটা বেশি। তবে তিনি সেটা বিক্রি করেছিলেন খুব কম দামে। কয়েক মাস পরে অ্যাপলে থাকা নিজের সমস্ত ব্যবসায়িক স্বার্থ ছেড়ে দেওয়ার জন্য কেবল দেড় হাজার ডলার পেয়েছিলেন তিনি। 

দুঃখের বিষয় হল, শেষ পর্যন্ত নিজের সেই মূল চুক্তিপত্রের কপিও ৫০০ ডলারে বিক্রি করেছিলেন ওয়েইন। তবে, এ কাজের জন্য সত্যিই অনুশোচনা হয় বলে বিবিসিকে বলেছেন তিনি।

অ্যাপল ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, নিলামে তোলা অ্যাপলের ওই চুক্তিপত্রের মূল্য ২০ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে হবে। আগামী ২৩ জানুয়ারি ‘উই দ্য পিপল: আমেরিকা অ্যাট ২৫০’ শিরোনামে নিলামটি প্রদর্শিত হবে নিউ ইয়র্ক শহরে।

তবে অ্যাপলের ইতিহাসের এবারই প্রথম কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিলামে বিক্রি হচ্ছে না। ২০২৩ সালে প্রথম প্রজন্মের আনওপেনড বা না খোলা আইফোন নিলামে বিক্রি হয়েছিল ১ লাখ ৯০ হাজার ডলারে, যা এর মূল মূল্যের প্রায় তিনশ গুণ।