Published : 19 Feb 2026, 06:59 PM
ভারতের এআই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে থাকা বক্তাদের যখন ঐক্যের প্রতীক হিসেবে হাত তুলে একসঙ্গে দাঁড়াতে বললেন তখন উপস্থিত প্রায় সব প্রযুক্তি প্রধানই তাতে সাড়া দিয়েছেন।
তবে ব্যতিক্রম ছিলেন কেবল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেই।
রয়টার্স লিখেছে, সিলিকন ভ্যালির অন্যতম তীব্র বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী এই দুই ব্যক্তি মঞ্চে মোদির পাশে দাঁড়িয়ে থাকলেও তাদের মধ্যেকার দূরত্ব ছিল চোখে পড়ার মতো। ১৩ জন কর্পোরেট নেতার সঙ্গে মোদি যখন সবাইকে হাত তোলার আহ্বান জানান তখন এই দুই প্রযুক্তি প্রধান নিজেদের মুষ্টিবদ্ধ হাত একে অপরের থেকে বেশ দূরে সরিয়ে রাখেন।
গুগল বা অ্যালফাবেটের প্রধান সুন্দার পিচাইসহ অন্যরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হাসিমুখে হাত মেলালেও অল্টম্যানকে বেশ অস্বস্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
ক্যামেরায় ধরা পড়া এ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সাড়া ফেলেছে। ইন্টারনেটে অনেকেই বিষয়টিকে ওপেনএআই ও অ্যানথ্রপিক-এর মধ্যকার ‘এআই কোল্ড ওয়ার’ বা ‘এআই শীতল যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন।
পরবর্তীতে নিউজ ওয়েবসাইট ‘মানি-কন্ট্রোল’কে স্যাম অল্টম্যান বলেছেন, “মঞ্চে আসলে কী ঘটছিল আমি বুঝতে পারিনি। আমাদের ঠিক কী করতে হবে সে বিষয়েও আমি নিশ্চিত ছিলাম না।”
তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই ও অ্যানথ্রপিক।
বৃহস্পতিবার নির্ধারিত মূল বক্তৃতার কেবল কয়েক ঘণ্টা আগে বিল গেটস ভারত সফর বাতিল করেন। সাংগঠনিক ত্রুটি, রোবট নিয়ে বিতর্ক ও ট্রাফিক জ্যামের অভিযোগের কারণে আগে থেকেই আলোচনায় থাকা এ বড় আয়োজনটির জন্য যা ছিল বড় ধাক্কা।
তবে এতসবের মাঝেও সম্মেলনটি ২০ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি আকর্ষণ করেছে।
২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক কয়েকজন কর্মী মিলে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন, যাদের নেতৃত্বে ছিলেন দারিও আমোদেই।
এআইয়ের নিরাপত্তা, বাণিজ্যিক ব্যবহার এবং স্যাম অল্টম্যানের নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে মতভেদের কারণেই আলাদা হয়েছিলেন তারা।
সেই পুরানো তিক্ততা এখন এক পূর্ণাঙ্গ বাণিজ্যিক যুদ্ধে রূপ নিয়েছে।
আমেরিকার জনপ্রিয় বার্ষিক ফুটবল ইভেন্ট ‘সুপার বোল’ এ এক ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রচার করেছে অ্যানথ্রপিক, যেখানে চ্যাটজিপিটির ভেতরে বিজ্ঞাপন দেখানোর যে পরিকল্পনা ওপেনএআই নিয়েছে তার তীব্র সমালোচনা করেছে কোম্পানিটি।