Published : 29 Dec 2023, 09:49 PM
পুঁজিবাজারভিত্তক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটকমের বিশেষ প্রতিনিধি গোলাম সামদানী ভূইয়া, তার সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু আলী।
ফোরামের ২০২৪-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের এই নির্বাচনে গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম হোসেন অভি পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পেয়েছেন ১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪ ভোট।
শুক্রবার পল্টনে সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ফোরামের ৮২ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মণ। ইব্রাহিম হোসেন রেজওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ডেইলি ম্যাসেঞ্জারের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম হয়েছেন অর্থ সম্পাদক।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কালবেলার জুনায়েদ শিশির, নয়া দিগন্তের হামিদ সরকার, রাইজিং বিডি ডটকমের এস এম নুরুজ্জামান তানিম, ৭১ টিভির সুশান্ত সিনহা এবং জিটিভির তৌহিদুল ইসলাম রানা নির্বাচিত হয়েছেন।
সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।