Published : 16 Sep 2026, 05:22 PM
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ব্রোকারেজ কোম্পানি— আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্টের মাধ্যমে সব ধরনের শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।
ফলে বুধবার কোম্পানিটি কোনো লেনদেন করতে পারেনি। লেনদেন করা যায়নি বিনিয়োগাকারীদের বিও (বেনিফিসিয়ারি অনার্স) হিসাব থেকেও।
ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসকে বলেন, “বিনিয়োগকারীদের স্বার্থে তাদের (আভিভা ইক্যুইটি) লেনদেন বন্ধ করা হয়েছে।”
লেনদেন বন্ধ করা হলেও শেষ বেলা পর্যন্ত ওয়েবসাইটে এ বিষয়ে বিনিয়োগকারীদের কোনো বার্তা দেয়নি ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
আভিভা (সাবেক রিলায়েন্স) ইক্যুইটি ম্যানেজমেন্ট হলো আভিভা (সাবেক রিলায়েন্স) ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান।
চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান। ২০২৩ সাল পর্যন্ত তিনি সাবেক রিলায়েন্স ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন।
রিলায়েন্স ফাইন্যান্স আলোচনায় আসে সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির পর।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছড়ালে ২০২০ সালে রিলায়েন্স নাম বদলে আভিভা ফাইন্যান্স রাখা হয়। একইসঙ্গে ব্রোকারেজ প্রতিষ্ঠানের নাম বদলে রাখা হয় আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট।
আভিভা ইক্যুইটির বিরুদ্ধে মূল প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া অর্থের ব্যবহার, বিনিয়োগকারীদের জন্য থাকা সমন্বিত গ্রাহক হিসাবের (সিসিএ) অর্থ সরানো, ঋণাত্বক হিসাবধারীদের মার্জিন ঋণ দেওয়া, ডিলার হিসাব ও নেগেটিভ অ্যাকাউন্টে শেয়ার ডাম্পিং, প্রশ্নবিদ্ধ দরে বিভিন্ন কোম্পানির প্লেসমেন্ট শেয়ার কেনার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের তদন্তে নামে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা— বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ করার অভিযোগও খতিয়ে দেখে কমিশন।
গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তদন্তের পর এমন সিদ্ধান্ত নিল ডিএসই।
এ বিষয়ে আভিভা ইক্যুইটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের বক্তব্য জানতে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।