২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এইমস অব বাংলাদেশের এমডি ইয়াওয়ার সায়ীদের মৃত্যু

“তিনি দেশের পুঁজিবাজারের বিকাশে অসামান্য অবদান রাখেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 05:50 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সায়ীদ মারা গেছেন; তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শনিবার ভোরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তার মৃত্যু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইয়াওয়ার সায়ীদ ১৯৯৯ সালে দেশের প্রথম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই বেসরকারি খাতের প্রথম মিউচুয়াল ফান্ড চালু হয়। পরবর্তীতে তার নেতৃত্বে আরও পাঁচটি মিউচ্যুয়াল ফান্ড গঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এইমস অব বাংলাদেশ বলছে, বাংলাদেশ ও বিদেশে প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়েছেন ইয়াওয়ার সায়ীদ। 

“তিনি দেশের পুঁজিবাজারের বিকাশে অসামান্য অবদান রাখেন। ফান্ড ব্যবস্থাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন কমিটি ও কর্মপরিষদে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিনিয়োগবান্ধব নীতি ও বিধিবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

ইয়াওয়ার সায়ীদ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অপারেশন ইভ্যালুয়েশন মিশনের স্টাফ কনসালটেন্ট ও পারফরম্যান্স অডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশে অর্থ, শিল্প ও বাণিজ্য খাতের জন্য এডিবি’র কনসালটেটিভ গ্রুপ কো-অর্ডিনেটর হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাকে দীর্ঘদিন ধরে পরামর্শ, গবেষণা ও উপদেষ্টা সেবা দিয়েছেন সায়ীদ।

প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এইমস অব বাংলাদেশ পরিবার।