Published : 01 Sep 2026, 08:34 PM
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পাশাপাশি সরাসরি পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্ত করার সুযোগ দিতে বিধিমালার খসড়া অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশন সভায় এ বিধিমালার খসড়া অনুমোদন করা হয়।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগির বিধিমালার এ খসড়া জনমত যাচাইয়ের জন্য পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অনুমোদিত খসড়ার কয়েকটি বিষয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালাটি হলে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের (অন্তত ১০-২০%) মাধ্যমে আইপিও ছাড়াই কোনো কোম্পানির সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে সরাসরি অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি হবে।
তবে এজন্য বেশ কিছু শর্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে আইপিও প্রক্রিয়ায় কোনো কোম্পানির শেয়ার ছেড়ে সেটি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হয়। তবে বিশেষ ব্যবস্থায় সরাসরি (ডিরেক্ট লিস্টিং) শেয়ার বিক্রি করে তালিকাভুক্তির সুযোগ রয়েছে। এতদিন সরকারি কোম্পানিগুলোর শেয়ার সরাসরি তালিকাভুক্ত করা হয়েছে। এর বাইরে বিশেষ অনুমতি নিয়ে লাফার্জ সিমেন্ট ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) সরাসরি তালিকাভুক্ত হয়েছিল।
নতুন বিধিমালার খসড়ায় সরাসরি তালিকাভুক্ত হতে পারবে এমন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়-
>> সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি।
>> পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন কোম্পানি।
>> বিদেশি শেয়ারধারকদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি।
>> কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানি।
>> কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের টেলিযোগাযোগ ও আইসিটি সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অথবা আইসিটি অবকাঠামো অথবা উৎপাদনকারী কোম্পানি, যেগুলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অনুমোদিত।
>> কমপক্ষে তিন বছরের কার্যক্রম পরিচালনাকারী বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি।
এসব বৈশিষ্ট্যের প্রতিষ্ঠান কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।
জনমত যাচাইয়ে কোনো পরামর্শ এলে সেগুলো সংযোজন বা বিয়োজন শেষে কমিশন বিধিমালার চূড়ান্ত অনুমোদন দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।