Published : 14 Oct 2023, 02:16 AM
চার ব্রোকারেজ হাউজের টাকা ও শেয়ার আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ২৫ কোটি টাকা দেওয়া হচ্ছে। ইনভেস্টরস প্রটেকশন ফান্ড থেকে এ অর্থ দিতে নিদের্শনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, ক্রেস্ট সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ ও শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানি লিমিটেডে থাকা বিনিয়োগকারীদের বিও হিসাবে থাকা অর্থ ও শেয়ার দাবির বিপরীতে কিছু অর্থ পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ২৫ কোটি টাকা পরিশোধ করা হয়নি। এখন বাকি টাকা পরিশোধের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিনিয়োগকারীদের অর্থ লোপাটে ওই চার ব্রোকারেজ হাউজের কর্ণধার ও কর্মকর্তারা জড়িত বলে বিএসইসির তদন্তে উঠে এসেছে। দীর্ঘ তদন্তের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করা হলেও চার ব্রোকারেজ হাউজ দায় মুক্ত হবে না বলে জানিয়েছে বিএসইসি।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে।