২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় লেনদেনের পরদিনই সূচকের পতন ডিএসইতে

এদিন লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে বস্ত্রখাতের শেয়ার। সর্বোচ্চ ৭০ কোটি টাকা লেনদেন হয় এ খাতে।

বড় লেনদেনের পরদিনই সূচকের পতন ডিএসইতে
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

বড় লেনদেনের একদিন পরই সূচকের পতন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে।

বুধবার এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে।

আগের দিন এই সূচক ছিল ৫ হাজার ১৯২ পয়েন্ট। 

বুধবার সকাল থেকেই সূচকের উঠানামায় লেনদেন চলে। শেষ বেলায় আগের দিনের চেয়ে সামান্য পতন হয়ে সূচক ৫ হাজার ১৮৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়ায়। 

এদিন ব্যাংক, ওষুধ এবং রসায়ন খাতের লেনদেন কমে যাওয়ায় ডিএসইর সার্বিক লেনদেন কমে হয় ৩৯১ কোটি ১৫ লাখ টাকা। 

দীর্ঘ ৭০ দিন পর মঙ্গলবার ডিএসইতে লেদেন ৫০০ কোটির ঘর ছাড়ায়। এদিন লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা। 

এর আগে সবশেষ গত ৩ ডিসেম্বর ৫১২ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে।

আগের দুইদিনে সুচকে যোগ হয় ১৯ পয়েন্ট। সেখান থেকে একদিনে ২ পয়েন্ট কমলো সূচক।

এদিন লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে বস্ত্রখাতের শেয়ার। সর্বোচ্চ ৭০ কোটি টাকা লেনদেন হয় এ খাতে। 

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমার দিনে লেনদেনে এরপরই ছিল ওষুধ ও রসায়ন খাত। এরপরই খাদ্য ও আনুষঙ্গিক খাত। তারপরের অবস্থানে নেমে আসে ব্যাংক খাত। 

স্বাভাবিক সময়ে ওষুধ ও রসায়নে খাত ৫০ কোটি টাকার উপরে লেনদেন হয়। 

আগের দিন ব্যাংকের লেনদেন ছিল ৮০ কোটি টাকা ও ওষুধ ও রসায়ন খাত ৬০ কোটি টাকার ঘরে।

বুধবার এ দুটি খাতের মধ্যে ব্যাংকের লেনদেন হয় ৩৩ কোটি টাকা ও ওষুধ ও রসায়ন খাতের ৪৮কোটি টাকার লেনদেন করে।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৩টির, কমেছে ২০৯টির। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৪৭টির।

দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে তসরিফা, আরএকে সিরামিক ও এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড।

অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে ফারইস্ট ফাইন্যান্স, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং ও ফার্স্ট ফাইন্যান্স।