Published : 29 Jun 2026, 03:07 PM
কিছু ওষুধের বাড়তি চাহিদা মেটাতে ‘সিটুসি ফার্মা’ নামের এক ওষুধ কারখানায় তা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দেশের অনত্যম বড় ওষুধ কোম্পানিটি সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য দিয়েছে।
এতে বলা হয়েছে, বিদ্যমান পণ্যের বর্ধিত চাহিদা মেটাতে এবং নতুন পণ্য বাজারে আনতে কিছু পণ্য ‘সিটুসি ফার্মা’য় উৎপাদনে দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তি রোববার স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন পেয়েছে।
‘সিটুসি ফার্মা’ পোশাক খাতের কোস্ট টু কোস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। এ ওষুধ কোম্পানির প্রধান কার্যালয় ঢাকার উত্তরায় অবস্থিত; আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট গ্রামে রয়েছে এর কারখানা।