১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজার আরও শক্তিশালী থাকা প্রয়োজন: সালমান রহমান

“প্রধানমন্ত্রীও চান আমাদের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে,” বলেন তিনি।

পুঁজিবাজার আরও শক্তিশালী থাকা প্রয়োজন: সালমান রহমান
ঢাকার গুলশানে বৃহস্পতিবার এমসিসিআই ও পিইবির ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স’ প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:14 AM

Updated : 26 Aug 2026, 09:41 AM

বাংলাদেশের অর্থনীতির তুলনায় পুঁজিবাজার ‘আরও শক্তিশালী থাকা প্রয়োজন’ মন্তব্য করে সে লক্ষ্যে এটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এ জন্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সবার সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীও চান আমাদের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে।”

বৃহস্পতিবার ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (পিইবি) আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২৩-২৪’ প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।

সালমান এফ রহমানের সরকারি দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মূল্যস্ফীতিকে একটি ‘সমস্যা’ উল্লেখ করে বলেছেন, আগামী জুলাই থেকে মূল্যস্ফীতিও কমে আসবে বলে তিনি আশা করছেন।

“ডলারের দাম বাড়ার কারণেই সবকিছুর দাম বেড়ে যায়। একইসঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটছে। তাই ধীরে ধীরে এসব সমস্যা কেটে যাবে”, বলেন সালমান। 

রাজস্ব আয় বাড়াতে কর হার কমানো উচিত বলে মনে করেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, “ব্যবসায় পরিবেশ সহজ করতে এখনও বড় চ্যালেঞ্জ এনবিআর। বারবার বলা হচ্ছে, করজালের আওতা বাড়িয়ে করহার কমিয়ে দিলে রাজস্ব আহরণ বাড়বে। 

“তবে তারা প্রতিবার যারা কর দিচ্ছে, তাদের আরও বেশি চাপে ফেলছে। আসলে সবাইকে করের আওতায় আনতে হবে।”

এবারের বাজেটে নতুন ধরনের সংস্কার আসবে জানিয়ে সালমান বলেন, “আমাদের কর-জিডিপি অনুপাত গতবছরের তুলনায় কমেছে। এটা আমাদের জন্য সমস্যা। এটি মোকাবিলা করতে হবে। 

“আমাদের দেশি-বিদেশি বিনিয়োগ দরকার। দেশে ব্যবসায়ের অনুকূল পরিবেশ আছে। এখন আমাদের কাজ করতে হবে। আমি আশাবাদী সামনে অনেক দেশি-বিদেশি বিনিয়োগ আসবে।”

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এমসিসিআই এর সভাপতি কামরান টি রহমান, এফআইসিসিআই এর সভাপতি জাভেদ আখতার, জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজু অ্যানদো, পিইবির চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ, এমসিসিআই এর মহাসচিব ও সিইও ফারুক আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।