১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ দিনের মধ্যে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

একীভূত হওয়ার পথে থাকা পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণায় বাধা না দেওয়ার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

৪ দিনের মধ্যে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি
খন্দকার রাশেদ মাকসুদ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা—বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে পদত্যাগের জন্য চার দিন সময় বেঁধে দিয়েছে বিনিয়োগকারীদের ১০ সংগঠনের জোট।

একীভূত (মার্জার) হওয়ার পথে থাকা পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণায় বাধা না দেওয়াসহ কয়েকটি দাবি পূরণে উদ্যোগ না নেওয়ার অভিযোগ এনে এ দাবি তুলেছে তারা। 

দাবি আদায়ে রোববার ঢাকার আগারগাঁওয়ে বিএসইসির সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন ‘পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোটের’ সদস্যরা। 

জোটের সমন্বয়ক এসএম ইকবাল হোসেন বলেন, ‘‘আগামী বৃহস্পতিবারের মধ্যে রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে হবে। তাকে চার দিনের আল্টিমেটাম দিলাম, না সরলে আমরা আরও কর্মসূচি দিব।’’

আন্দোলনকারীরা কমিশনের কাছে লিখিতভাবে আট দফা দাবি জমা দেন। এসব দাবির মধ্যে রয়েছে—

 >> একীভূত হওয়ার পথে থাকা পাঁচ ব্যাংকের (সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক) বিনিয়োগকারীদের শেয়ারমূল্য দ্রুত ফেরতের ব্যবস্থা করা;

>> ‘অযোগ্য ও অদক্ষ’ চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ;

>> মার্জিন ঋণ বিধিমালার গেজেট দ্রুত বাতিল করা;

>> মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার গেজেট দ্রুত বাতিল করা:

>> বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ না করা এবং পুঁজিবাজার উন্নয়নে ব্যর্থতার দায় নিয়ে পুরো কমিশনের পদত্যাগ;

>> বিএসইসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে অপসারণ; 

>> শেয়ারমার্কেট লুটকারী ও মিউচ্যুয়াল ফান্ড লুণ্ঠনকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা এবং 

>> পুঁজিবাজারের অস্থিতিশীলতা নিরসন না হওয়া পর্যন্ত শেয়ার মার্কেটের লেনদেন স্থগিত রাখা।

বিনিয়োগকারীদের এ জোটে সদস্য হিসেবে রয়েছে— বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ ও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।