১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইকিউআইও পদ্ধতিতে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রতি শেয়ার অভিহিত মূল্যে অর্থাৎ ১০ টাকা দরে মোট এক কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 12:56 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

পুঁজিবাজারে ‘যোগ্য বিনিয়োগকারীদের’ কাছ থেকে আইকিউআইও (ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টর অফার) পদ্ধতিতে ১২ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে রয়্যাল ফুটওয়্যার পিএলসি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি পুনরায় শুরু হতে যাচ্ছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি শেয়ার অভিহিত মূল্যে অর্থাৎ ১০ টাকা দরে মোট এক কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে রয়্যাল ফুটওয়্যার।

এর আগে সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে এ পদ্ধতিতে দুয়ার সার্ভিসেস পিএলসিকে ৫ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছিল কমিশন। কিন্তু ওই কোম্পানির আয়, ব্যয় ও মুনাফা নিয়ে বিতর্কের মুখে পরে সেটি বাতিল করা হয়। 

তার আগে ২০২৪ সালের মার্চে এসএমই বোর্ডে এ পদ্ধতিতে ৫ কোটি টাকা তোলে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ।

মঙ্গলবারের কমিশন সভার সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। সভার সিদ্ধান্ত ওয়েবসাইটে প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় ও আইকিউআইও খরচে ব্যয় করবে রয়্যাল ফুটওয়্যার।

কোম্পানির প্রসপেক্টাস অনুযায়ী, ব্যাংক ঋণ পরিশোধে তাদের ব্যয় হবে ৮ কোটি টাকা। এক কোটি ৬৭ লাখ টাকা খরচ হবে খুচরা যন্ত্রাংশ কিনতে। 

কাঁচামাল ও প্যাকেজিংয়ে ২ কোটি টাকা ও আইকিউআইও প্রক্রিয়ায় খরচ হবে ৩৩ লাখ টাকা। ব্যাংক ঋণের ৫ কোটি টাকা পরিশোধ করা হবে শাহ্ জালাল ইসলামী ব্যাংকে ও ৩ কোটি টাকা আল আরাফাহ ইসলামী ব্যাংকে।

বিসএসইসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে রয়্যাল ফুটওয়্যারের শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা ও পূনর্মূল্যায়ন ছাড়া নিট সম্পদ মূল্য শেয়ারপ্রতি ১৫ টাকা ৭৪ পয়সা, অর্ধ বার্ষিকে শেয়ারপ্রতি আয় ৮২ পয়সা। 

সবশেষ বছর এ কোম্পানি ২ কোটি ৭৭ লাখ টাকার নিট মুনাফা করে। শেয়ার প্রতি নগদ অর্থের সরবরাহ হয় ৮৫ পয়সা।