Published : 16 Jul 2025, 05:25 PM
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক দিনে ৩ হাজার ৭১৬ কোটি টাকা বেড়েছে।
ফলে বুধবার ডিএসইর বাজার মূলধন বেড়ে হয় ৬ লাখ ৮১ হাজার ৩৪৭ কোটি টাকা, যা আগের দিন ছিল ৬ লাখ ৭৭ হাজার ৬৩১ কোটি টাকা।
এদিন ডিএসইতে শেয়ার লেনদেন হয় ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার, যা আগের দিন ছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকা।
এর আগে ডিএসইতে সবশেষ ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয় গত বছরের ২৫ সেপ্টেম্বর। এর মাঝে বেশির ভাগ সময়ই লেনদেন ছিল ৫০০ কোটির নিচে।
গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল দুই মাস। এই সময়ে বাজার মূলধন সামান্য বাড়তে শুরু করলে বিনিয়োগকারীরা হারানো মূলধন ফিরে পেতে শুরু করছিলেন।
কিন্তু তা স্থায়ী না হওয়ায় বাজার ফের পতনের বৃত্তে চলে যায় এবং তা এপ্রিলের শেষ দিক পর্যন্ত অব্যাহত থাকে।
বুধবার সকালে সূচক ছিল ইতিবাচক প্রবণতায়। বেলা ২টায় প্রধান সূচক ডিএসইএক্স উঠে যায় ৫ হাজার ১২২ পয়েন্টে। কিন্তু বিক্রির চাপ বাড়লে দিন শেষে সূচক দাঁড়ায় ৫ হাজার ১১৬ পয়েন্টে। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৬২ পয়েন্ট। সে হিসাবে যোগ হয়েছে ৫৪ পয়েন্ট।
এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বাড়ে ২৬৭টির; কমে ৭৯টির; আর আগের দিনের দরে লেনদেন হয় ৫১টি কোম্পানির শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শেয়ার হাতবদল হয় ব্যাংক খাতে; ৯৩ কোটি ৪১ লাখ টাকা।
এরপরের অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাত লেনদেন হয় ৯২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। বস্ত্র খাতে লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি ২০ লাখ টাকা।
এদিন সবচেয়ে বেশি দর বাড়ে প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের।
সবচেয়ে বেশি দর হারায় জিকিউ বলপেন, রহিম টেক্সটাইল ও ড্যাফোডিল কম্পিউটার।