২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার: সূচক পতনের দিনে ৭৫০ কোটি টাকার লেনদেন

এদিন অধিকাংশ শেয়ারের দরপতন দেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 06:54 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

দুই দিন ঊর্ধমুখী সূচকে লেনদেনের পর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ১৫ পয়েন্ট হারাল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, দরপতন হল অধিকাংশ শেয়ারের।

সূচকের ঘরে ৫ হাজার ৭০০ পয়েন্ট নিয়ে মঙ্গলবার লেনদেন শুরু হয়েছিল ঢাকার শেয়ারবাজারে। দিনভর ওঠা-নামার পর লেনদেন যখন শেষ হয়, ডিএসইএক্স তখন ৫ হাজার ৬৮৫ পয়েন্টের ঘরে। 

জন্মাষ্টমীর সাধারণ ছুটির কারণে সোমবার পুঁজিবাজার ছিল বন্ধ। তার আগে সোমবার সূচকে যোগ হয়েছিল ১ পয়েন্ট। আর রোববার ৯২ পয়েন্ট এগিয়েছিল ডিএসইএক্স। 

এ বাজরে মঙ্গলবার ৭৫০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৫৫৮ কোটি টাকা।

লেনদেনে আসা ৩৯৫টি কোম্পানির শেয়ারের মধ্যে এদিন দর হারিয়েছে ২৩১টি, ১৩১টির দর বেড়েছে; আগের দরে লেনদেন হয়েছে ৩৩টি শেয়ার।

ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, গত পাঁচ দিন ধরে মোট লেনদেনে সবচয়ে বেশি অবদান রেখেছে ব্যাংক খাত। মোট লেনদেনের ২৪ দশমিক ৪৩ শতাংশই অবদান রেখেছে খাতটি। 

আর গত মাসের পুরোটা সময়ে লেনদেনে প্রথম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাত এদিন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ দশমিক ৮৪ শতাংশ অবদান রেখেছে। তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও অনুসঙ্গিক খাত।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে থাকা তিন কোম্পানি হল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও এমজেএল বাংলাদেশ।

অন্যদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, বসুন্ধরা পেপার মিলস ও ম্যারিকো বাংলাদেশ।