২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাত দিন পর দর সংশোধনে পুঁজিবাজার

বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় এদিন ডিএসইতে শেয়ার হাতবদল কিছুটা কমে ৮৬৫ কোটি টাকায় নেমেছে।

সাত দিন পর দর সংশোধনে পুঁজিবাজার
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

টানা সাত দিন ঊর্ধ্বমুখী থাকার পর দর সংশোধনের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনও খানিকটা কমেছে।

দেশের বড় পুঁজিবাজার ডিএসইতে রোববার সপ্তাহের প্রথম দিন শেষে আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে নেমেছে। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৩৯২ পয়েন্টে।

বেশির ভাগ কোম্পানির শেয়ার দর সংশোধনে যাওয়ায় এদিন এ বাজারে শেয়ার হাতবদল কিছুটা কমে ৮৬৫ কোটি টাকায় নামে। আগের দিন লেনদেন হয় ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

এদিন লেনদেনের শুরুতে ওঠানামা শেষে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচক ইতিবাচক ছিল। এসময়ে আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেশি এগিয়ে যায় ডিএসইএক্স। তবে এরপর বিক্রির চাপ বাড়তে থাকলে সূচকও কমতে থাকে। পরে দিন শেষে সূচক কমে যায়।

লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির শেয়ারের মধ্যে দর বাড়ে ১১৭টির, আগের দিনের চেয়ে কমে ২৩২টির এবং আগের দিনের দরে লেনদেন হয় ৫০টির।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে প্রথম অবস্থানে উঠে আসা ব্যাংক খাতে ২০৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। আগের দিন এর পরিমাণ ছিল ২১৮ কোটি ৩১ লাখ টাকা। এর আগের তিন দিনও ব্যাংক খাতে ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়।

এদিন লেনেদেনে দ্বিতীয় অবস্থানে থাকা বীমা খাতের অবদান ছিল ৯৮ কোটি ৫১ লাখ টাকার। তৃতীয় অবস্থান থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয় ৯৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

বীমা খাতে লেনদেন বাড়ার পাশাপাশি দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষ ১০টির মধ্যে পাঁচটি ছিল এ খাতের। 

দিন শেষে দর বৃদ্ধির শীর্ষ তিনে ছিল প্রভাতি ইন্স্যুরেন্স, রহিমা ফুড ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। 

অপরদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ারদর হারানোর শীর্ষে ছিল বিএটিবিসি, সিঙ্গারবিডি ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।