Published : 30 Mar 2026, 10:33 PM
দায়দেনা পরিশোধ এবং চিনি শিল্পে বিনিয়োগের জন্য বাজার থেকে এক হাজার ৩০০ কোটি টাকা তুলতে বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেওয়া হয়।
এটি হবে শতভাগ জামানত দিয়ে সুরক্ষিত, রূপান্তর অযোগ্য এবং পুরোটা নগদায়নযোগ্য জিরো কুপন বন্ড। এই বন্ড পুঁজিবাজারের ‘অল্টারনেটিভ ট্রেডিং’ বোর্ডে তালিকাভুক্ত হয়ে লেনদেন করবে। এর ডিসকাউন্ট রেট হবে ১৩ দশমিক ৫০ শতাংশ ও প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১৩ লাখ টাকা।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বিনিয়োগ করতে পারবে।
সংগ্রহ করা অর্থের বেশিরভাগ দিয়ে ঋণ পরিশোধ করা হবে জানিয়ে বন্ডটির ট্রাস্টি ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাশেদ হুসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার বিভিন্ন স্থান থাকা জমি ও তার উপর থাকা অবকাঠামো বন্ধক রাখা হয়েছে বন্ডের বিপরীতে। মোট তেরশ কোটি টাকারই জামানত রাখা হচ্ছে।
“সম্পদ ভ্যালুয়েশন করে তা করা হচ্ছে। এখন ট্রাস্টি হিসেবে জমিটি লিখে নেওয়া হবে, কোনো কারণে সিটি সুগার অর্থ ফেরত দিতে না পারলে জমি বিক্রি করে টাকা দেওয়া হবে বিনিয়োগকারীদের।’’
রাশেদ বলেন, ব্যাংক ঋণ পরিশোধ করলে সিটি সুগারের অর্থ খরচ সাশ্রয় হবে। কিছু বিনিয়োগ করা হবে চিনি খাতে। তাতে বিনিয়োগকারীদের ঝুঁকি ‘প্রায় শূন্য’।
তিন বছর মেয়াদি বন্ডটির আয়োজক হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক পিএলসি।