পুঁজিবাজারের শরীয়াহ কাউন্সিল পুনর্গঠন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহকে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুঁজিবাজারের শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল-এসএসি পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ কাউন্সিল শরীয়াহ সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা হিসেবে বিএসইসিকে পরামর্শ দিয়ে থাকে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, মোট ৯ সদস্যদের এ কাউন্সিলে পাঁচজনকে শরীয়াহ বিশেষজ্ঞ এবং চারজনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহকে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ হিসেবে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনজুর-ই-এলাহী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিরপুরের জ্যেষ্ঠ মুফতি ও মুহাদ্দিস মাসুম বিল্লাহ, জামিয়া শরিয়াহ মালিবাগ মাদ্রাসার সিনিয়র ডেপুটি মুফতি আবদুল্লাহ মাসুম এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন।
ব্যাংকিং ও অর্থ খাতের বিশেষজ্ঞ হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অর্থ বিভাগের অধ্যাপক মোহাম্মদ কবির হাসান, আইন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওমর সাদাত, পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম মাজেদুর রহমান এবং হিসাববিদ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিমকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্ট পট পরিবর্তনের পর বিএসইসিতে নতুন নেতৃত্ব এলে চলতি বছরের মে মাসে শরীয়াহ কাউন্সিল ও এর সদস্য নির্বাচনে গঠিত কমিটি বাতিল করে কমিশন। এর ৫ মাস পর শরীয়াহ কাউন্সিল পুনর্গঠন করা হল।
দেশের পুঁজিবাজারে শরীয়াহভিত্তিক শেয়ার ও বন্ডের তালিকাভুক্তিতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে গত ২০২২ সালে প্রথমবারের মত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা’ তৈরি করে।
পরের বছরে এর সদস্য কারা হবে তা ঠিক করতে একটি নির্বাচন কমিটি গঠন করে কমিশন। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে একই বছরে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠিত হয়েছিল।
