Published : 17 Jul 2025, 07:24 PM
চলতি মাসের প্রথমভাগে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দীর্ঘদিন পর সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করার আগে থেকেই লেনদেন একটু একটু করে বাড়ছিল, যা টানা বেড়ে আটশ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার। আগের দিন যা ছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা।
এর সাড়ে ৯ মাস আগে ডিএসইতে সবশেষ ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর। সেদিন ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মাঝে বেশির ভাগ সময়ই লেনদেন ৫০০ কোটি টাকার নিচে ছিল।
আড়াই মাস পর গত ৩ জুলাই ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার ঘর পার করে।
সপ্তাহের শেষ দিনে টানা তিন দিন সূচকে ঊর্ধ্বগতির সঙ্গে লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়ায় ডিএসইর বাজার মূলধন এদিন ৬ হাজার ১৫০ কোটি টাকা বেড়ে দিন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা।
আগের দিনও বাজার মূলধন ৩ হাজার ৭১৬ কোটি টাকা বেড়ে হয়েছিল ৬ লাখ ৮১ হাজার ৩৪৭ কোটি টাকা।
এদিন সকালে লেনদেনের শুরু থেকে সূচক বাড়তে থাকে। বেলা ১টায় আগের দিনের চেয়ে সূচকে যোগ হয় ৪৩ পয়েন্ট অর্থাৎ সূচক চলে যায় ৫ হাজার ১৫৯ পয়েন্টে। শেষ বেলায় বিক্রির চাপে ও মুনাফা তুলে নেওয়ার কারণে সূচক কিছুটা কমে লেনদেন শেষ করে ৫ হাজার ১৩২ পয়েন্টে।
সূচক ও লেনদেন বাড়লেও এদিন দর হারিয়েছে বেশির ভাগ শেয়ার। লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫৩টির বা ৩৮ শতাংশ। শেয়ারদর কমেছে ১৮০টি বা ৪৫ শতাংশের এবং আগের দিনের দরে লেনদেন শেষ করে ৬৩টি।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে প্রথম অবস্থানে উঠে আসা ব্যাংক খাতের অবদান ছিল ১১৯ কোটি ৭১ লাখ টাকা। সাম্প্রতিক সময়ে সচরাচর ডিএসইতে ব্যাংক খাতের শেয়ার ৫০ থেকে ৭০ কোটি টাকা লেনদেন হয়। এদিন তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ১৬টির ও আগের দরে ছিল ১১টি।
এরপরের অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ৯৬ কোটি টাকা লেনদেন হয়। তৃতীয় অবস্থানে উঠে আসা প্রকৌশল খাতের লেনদেন ছিল ৭৮ কোটি ৮৫ লাখ টাকা। আরেক বড় খাত বস্ত্রের শেয়ার কেনাবেচা হয় ৭০ কোটি ৪৯ লাখ টাকার।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দরবৃদ্ধিতে শীর্ষে ছিল রহিমা ফুড, বিবিএস ক্যাবলস ও একমি পেস্টিসাইডস।
অপরদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে ছিল পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।