Published : 20 Sep 2026, 01:29 PM
জোড়া ঘা খেয়ে জেড়ে ওঠার ব্যাপারটিকে তাহলে নিয়মই বানিয়ে ফেলল ইন্টার মিলান! একবার-দুবার নয়, লিগে তাদের টানা তিন ম্যাচে দেখা গেল একই চিত্র। আগের দুই ম্যাচের মতো এবার অবশ্য ঘুরে দাঁড়িয়ে জিততে পারেনি তারা। তবে লাউতারো মার্তিনেসের দারুণ পারফরম্যান্সে ইতালিয়ান চ্যাম্পিয়নরা আবার ঘুচিয়ে দিল দুই গোলের ব্যবধান।
সেরি আ-তে শনিবার রোমা ও ইন্টার মিলানের লড়াইটি ড্র হয় ২-২ গোলে।
প্রথমার্ধে রোমার গোল দুটি করেন মানু কোনে। দ্বিতীয়ার্ধে দুটি গোল শোধ করেন মার্তিনেস।
গত ৫ সেপ্টেম্বর নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে পরে ৩-২ গোলে জিতেছিল ইন্টার মিলান। সেদিও জোড়া গোল করেছিলেন মার্তিনেস। এরপর গত মঙ্গলবার উদিনেজের বিপক্ষে ২ গোল হজম করার পর শেষ পর্যন্ত ৫-৩ গোলে জেতে ইন্টার।
এবারের লিগে এই প্রথমবার পয়েন্ট হারাল রোমা ও ইন্টার। তবে ২ গোলে পিছিয়ে থাকার পর এই ড্র অনেকটা জয়ের মতোই মনে হওয়ার কথা ইন্টারের।
ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রোমা। বক্সের বাইরে থেকে পাউলো দিবালার ক্রস বাইরে চলে যাওয়ার মুখে হেড করে ভেতরে রাখেন নাউয়েল মলিনা। ফাঁকায় থাকা কোনে গোল করেন ভলিতে।
ফরাসি মিডফিল্ডার পরের গোলটি করেন ৩৭তম মিনিটে। আবার দিবালার ক্রস থেকে গোলমুখে একদম পায়ের প্রান্ত থেকে আলতো করে বল জালে জড়ান তিনি।
এই ম্যাচে আগে সিরি আ-তে ৬৭ ম্যাচে তার গোল ছিল চারটি। এবার এক ম্যাচেই করলেন দুটি।
আগের ম্যাচগুলির মতোই দ্বিতীয়ার্ধে মাঠে নামে যেন অন্য এক ইন্টার মিলান। সমতায় ফেরে তারা দ্বিতীয় মিনিটেই।
মাঝমাঠ থেকে মার্কাস থুরামের দিকে দারুণ এক বল বাড়ান মার্তিনেস। বক্সের ভেতরে বল ধরে থুরাম আবার চমৎকার পাস দেন মার্তিনেসের দিকে। রোমার তিনজনের মাঝ থেকে বাঁ পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শটে যদিও জোর ছিল না বেশি, তবে মাপা শটে ডাইভ দিয়েও রক্ষা করতে পারেন গোলকিপার।
এরপর দারুণ কিছু আক্রমণ করেও সফল হচ্ছিল না ইন্টার। শেষ পর্যন্ত সমতা ফেরে ৭৯তম মিনিটে। জটলার মধ্যে একটু জায়গা পেয়ে ভলিতে গোলকিপারকে পরাস্ত করে বাঁধনহারা আনন্দে ছুট দেন মার্তিনেস।
পাঁচ ম্যাচে দুই দলেরই পয়েন্ট এখন ১৩। তবে গোল ব্যবধানে শীর্ষে রোমা।