২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর

এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর

আর্চারি। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 05:45 PM

Updated : 26 Sep 2026, 05:45 PM

আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডে আলো ছড়ালেন বাংলাদেশের তিন আর্চার রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। তিন জনই করেছেন ক্যারিয়ার সেরা স্কোর। এশিয়ান গেমসে পুরুষ হকিতে ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

জাপানের ওকাজাকি চুয়ো সোগো পার্ক মাল্টিপারপাস স্কয়ারে শনিবার আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভে রামকৃষ্ণ ৬৭৮ স্কোর গড়ে ১১তম হয়েছেন। তার আগের সেরা স্কোর ছিল ৬৬৮।

র‍্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর গড়ায় রামকৃষ্ণ বাই পেয়ে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন। তিনি খেলবেন শেষ ষোলোয় ওঠার ম্যাচে; প্রতিপক্ষ কাজাখস্তানের দুলেতকেলদি ঝাংবাইরবে।

এই ইভেন্টে বাংলাদেশের বাকি দুই প্রতিযোগী আব্দুর রহমান আলিফ ও মোহাম্মদ রাকিব মিয়া সমান ৬৫৩ স্কোর করেন। টাইব্রেকিংয়ে আলিফ ৩৮তম ও রাকিব ৩৯তম হন। র‍্যাঙ্কিং রাউন্ডে তিন জনের মধ্যে শীর্ষ স্থান পাওয়া দুজন এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাবেন- এই নিয়মে বাদ পড়েছেন রাকিব।

রামকৃষ্ণ, আলিফ ও রাকিবের স্কোর মিলিয়ে বাংলাদেশের দলগত স্কোর দাঁড়ায় ১৯৮৪। সমান স্কোর কাজাখস্তানেরও। টাইব্রেকিংয়ে কাজাখস্তান দশম এবং বাংলাদেশ ১১তম হয়েছে। ‘বাই’ পেয়ে রিকার্ভ দলগত বিভাগের প্রি কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশ; সেখানে তাদের প্রতিপক্ষ ইরান।

মেয়েদের রিকার্ভ এককে সাইমা সালাহ উদ্দিন ৬৩৪ স্কোর গড়ে র ‍র‍্যাঙ্কিং রাউন্ডে ২৫তম হয়েছেন। এলিমিনেশন রাউন্ডের শুরুতে ‘বাই’ পেয়ে তিনি উঠে গেছেন শেষ বত্রিশে। রামকৃষ্ণর সাথে জুটি গড়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে দলগত খেলবেন সাইমা।

ছেলেদের কম্পাউন্ড এককে নেওয়াজ আহমেদ রাকিব ক্যারিয়ার সেরা ৭০১ স্কোর গড়েও ৪৫ জনের মধ্যে ২২তম হয়েছেন। হিমু বাছাড় ৬৯৬ স্কোর নিয়ে ৩১তম এবং ঐশ্বর্য্য রহমান ক্যারিয়ার সেরা ৬৯৫ স্কোর গড়ে ৩৩তম হন। 

মেয়েদের কম্পাউন্ড এককে বন্যা আক্তার ক্যারিয়ার সেরা ৬৯৭ স্কোর গড়ে ৫৩ প্রতিযোগীর মাঝে ১৬তম হয়েছেন। তার আগের ক্যারিয়ার সেরা স্কোর ছিল ৬৯৩।

এই ইভেন্টে বাংলাদেশের কুলসুম আক্তার মনি ৬৯২ স্কোর নিয়ে ২৬তম, ৬৭৮ স্কোর গড়া পুষ্পিতা জামান ৩৮তম হয়েছেন।

তিনজনের স্কোর মিলিয়ে ২০৬৭ স্কোর নিয়ে কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশ দশম হয়েছে। প্রি-কোয়ার্টারে বন্যা, মনি ও পুষ্পিতারা খেলবে কাজাখস্তানের বিপক্ষে। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশ এলিমিনেশন রাউন্ড শুরু করবে ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এদিকে হকিতে পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে দলকে পথ দেখান আমিরুল ইসলাম। এরপর রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ দিকে এক গোল ফিরিয়ে দিলেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি ইন্দোনেশিয়া।

পুল-এ-তে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার শীর্ষে থাকা ভারতের বিপক্ষে খেলবে এ মুহূর্তে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ।

ব্যাডমিন্টনে এককে দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের প্রতিপক্ষের কাছে আইমান ইবনে জামান হেরেছেন ২১-১, ২১-১০ ব্যবধানে। উর্মি আক্তার ২১-৪, ২১-৫ ব্যবধানে হেরেছেন দক্ষিণ কোরিয়ার কিম গাইয়ুনের কাছে।

ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈতে গৌরব সিংহ-আইমান জুটি ২১-৬, ২১-১১ ব্যবধানে হেরেছেন ভিয়েতনামের জুটির বিপক্ষে।

বক্সিংয়ে ৫৫ কেজি ওজন শ্রেণিতে মঙ্গোলিয়ার প্রতিপক্ষের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন উৎসব আহমেদ।