ইয়ামালকে নিষ্ক্রিয় রাখা অস্ট্রিয়ার মূল লক্ষ্য
স্পেনের বিপক্ষে জিততে হলে নিজেদের খেলার মান বাড়াতে হবে, দলকে বললেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।
পায়ের জাদুর এক ঝলকেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন লামিন ইয়ামাল, ভালো করেই জানেন রালফ রাংনিক। স্পেনের বিপক্ষে লড়াইয়ে অস্ট্রিয়া কোচের পরিকল্পনার বেশিরভাগটা জুড়েই আছেন এই তারকা ফরোয়ার্ড। রাংনিক বলেছেন, যেকোনো মূল্যে ইয়ামালকে নিষ্ক্রিয় রাখতে চান তারা।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বৃহস্পতিবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।
হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আসরে প্রথম তিন ম্যাচের একটিতেও পুরো সময় খেলেননি ইয়ামাল। তবে নিজেকে এখন সম্পূর্ণ ফিট মনে করছেন তিনি। সম্প্রতি বলেছেন, অস্ট্রিয়া ম্যাচে নামতে মুখিয়ে আছেন এই উইঙ্গার।
কেইপ ভার্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ফিরেই উপহার দেন বিশ্বকাপে নিজের প্রথম গোল। শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৭৬ মিনিট খেলে জালের দেখা পাননি।
অস্ট্রিয়ার জন্য নিশ্চিতভাবেই বড় হুমকি ১৮ বছর বয়সী ইয়ামাল। সেটা অকপটে স্বীকারও করে নিয়েছেন রাংনিক। তাই বার্সেলোনার এই তারকাকে নিয়ে যতটা সম্ভব সতর্ক থাকতে চান তিনি।
“লামিন ইয়ামাল অসাধারণ একজন খেলোয়াড়, সে আগামী ১২, ১৩, ১৪ বছর খেলবে, সম্ভবত আরও বেশি সময়। সে যদি সুস্থ থাকে এবং শান্ত ও মনোযোগী থাকতে পারে তাহলে সে আরও অনেক ম্যাচ খেলবে।
“সে এমন একজন খেলোয়াড়, যাকে আগামীকাল আমরা খুব ভালোভাবে নজরে রাখব। তাকে খুব বেশি জায়গা দেওয়া কিংবা তার ড্রিবলিং শুরু করার সুযোগ দেওয়া যাবে না। সে এমন একজন, যাকে ফুটবল ভক্তরা- তারা যে দেশেরই হোক না কেন, দেখতে পছন্দ করে। তবে আগামীকাল আমাদের কাজ হবে যতটা সম্ভব কম সময় তার পায়ে বল রাখা।”
গ্রুপ পর্বের তিন ম্যাচে ছয়টি গোল করেছে অস্ট্রিয়া, স্পেনের চেয়ে একটি বেশি। টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত স্প্যানিশদের বিপক্ষে জিততে হলে তাদের খেলার মান যে আরও বাড়াতে হবে বুঝতে পারছেন রাংনিক।
“আমরা সবাই জানি, আগামীকাল আমাদের আরও ভালো করতে হবে। স্পেনের বিপক্ষে এটা খুবই স্বাভাবিক। (পারফরম্যান্সে) আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে।”
স্পেনের ক্লাব রেয়াল মাদ্রিদে পাঁচ মৌসুম কাটিয়েছেন অস্ট্রিয়া অধিনায়ক ডাভিড আলাবা। তাই স্প্যানিশ ফুটবলের মান সম্পর্কে ভালোই ধারণা আছে এই ফিডেন্ডারের।
“তারা খুবই আকর্ষণীয় ফুটবল খেলে। তাদের মান অনেক ভালো এবং এমন কয়েকজন আছে যারা ব্যবধান গড়ে দিতে পারে। তবে লুকিয়ে থাকতে (রক্ষণাত্মক ফুটবল খেলতে) চাই না। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই এবং সফল হওয়ার চেষ্ট করতে চাই।”
