Published : 14 Jun 2026, 02:25 AM
দল ব্যস্ত বিশ্বকাপ অভিযানে, পুরোদমে চলছে প্রস্তুতি। এর মাঝেই কোচ রালফ রাংনিককে আরও অনেক দিন ধরে রাখতে তার সঙ্গে নতুন চুক্তি করেছে অস্ট্রিয়া।
উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে অস্ট্রিয়া দল। স্যান ফ্র্যান্সিসকোয় বাংলাদেশ সময় বুধবার সকালে জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এর আগেই শনিবার রাংনিকের সঙ্গে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দিল দেশটির ফুটবল ফেডারেশন।
সাম্প্রতিক সময়ে গুঞ্জন শোনা যায়, চলতি বিশ্বকাপ শেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর পদে যোগ দিতে পারেন রাংনিক।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচের অস্ট্রিয়ার সঙ্গে চুক্তির মেয়াদও ফুরিয়ে আসছিল, সেটা ছিল চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপ পর্যন্ত। যার কোচিংয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে দল, তাকে অন্তত আগামী ইউরো পর্যন্ত ধরে রাখতেই বিশ্বকাপের মাঝে নতুন চুক্তি সেরে ফেলল অস্ট্রিয়া।