Published : 21 Jun 2026, 06:30 PM
দেশপ্রেম একটা দলকে কতখানি অনুপ্রাণিত করতে পারে, তা কিছু অনুভব করতে পারছেন তমা মুনিয়ে। আসছে ম্যাচের প্রতিপক্ষ ইরানকে তাই একটু ভিন্ন চোখে দেখছেন বেলজিয়ামের এই রাইট-ব্যাক। বললেন, উজ্জীবিত ইরান কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে তাদের।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশ সময় রোববার রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। ‘জি’ গ্রুপের যাত্রা তারা করে ড্র দিয়ে। মিশরের বিপক্ষে ১-১ ড্র করেছিল বেলজিয়াম। সুইজারল্যান্ডকে ২-২ স্কোরলাইনে রুখে দিয়েছিল ইরান। গ্রুপের চার দলের পয়েন্ট ১ করে। ফলে, সবার সামনেই আছে, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার সুযোগ।
ইরানের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে কদিন আগে, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির ফলে। তবে, উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে দলটির কোচ, খেলোয়াড়রা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধের মধ্যে থাকা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর। প্রথম ম্যাচে সে প্রতিশ্রুতি রেখেছেনও তারা। মুনিয়ের কথাতেও উঠে এলো দেশপ্রেমে অনুপ্রাণিত এক ইরান।
“আমাদের জন্য ইরান বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে। আমি কল্পনা করতে পারি, ইরানের কিছু খেলোয়াড়ের পরিবারের যুদ্ধের সময়ে আক্রান্ত হওয়াটা।”
বেলজিয়াম কোচ রুদি গার্সিয়ার মনে হচ্ছে, ইরানকে হারাতে শতভাগ নিংড়ে দিতে বলে তাদের। চোট কাটিয়ে ফেরা ফরোয়ার্ড রোমেলু লুকাকুকেও সাবধানে কাজে লাগাতে চান তিনি।
“আমরা ভালো অবস্থানে ছিলাম না (মিশর ম্যাচে) এবং সে জায়গাগুলো ঠিক করেছি। আগামীকাল ইরানকে হারাতে হলে আমাদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিতে হবে।”
“আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, কেননা, লুকাকু নিরাপদে যতটা সময় খেলতে পারে, তার চেয়ে বেশি খেলানোর জন্য আমরা প্রলুব্ধ হতে পারি। তাকে যেন আমরা পরিশ্রান্ত করে না ফেলি, এ দিকে খেয়াল রাখতে হবে।”