Published : 24 Jun 2026, 03:34 PM
ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণের ছক কষেছিল ঘানা। গোল না পেলেও, হজম করা যাবে না; এমন মনোভাব ও কৌশল নিয়ে মাঠে নেমেছিল তারা। শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনায় সফল হয়ে ভীষণ খুশি কার্লোস কেইরস। ঘানার কোচ অকপটে স্বীকার করে নিয়েছেন, ইংলিশদের হতাশ করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য।
বস্টনে মঙ্গলবার ‘এল’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তাতে বিশ্বকাপের পরের ধাপে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয় ঘানার। ইংল্যান্ডের সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে ইংলিশরা।
৩ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে তিনে। দুই ম্যাচই হারা পানামা সবার নিচে।
ম্যাচে প্রায় ৭৯ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। ঘানার গোলরক্ষকের খুব একটা পরীক্ষাই নিতে পারেনি তারা। ঘানার দুই শটের একটি লক্ষ্যে ছিল।
ম্যাচের প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি দুই দলের কেউ। চলতি বিশ্বকাপে এমন দৃশ্য দেখা গেল প্রথমবার।
ম্যাচ শেষে খেলোয়াড়দের লড়াকু মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ঘানার কোচ কেইরস।
“ম্যাচজুড়ে আমাদের খেলোয়াড়রা যেভাবে লড়াই করেছে এবং আমাদের পরিকল্পনা যেভাবে মাঠে বাস্তবায়ন করেছে, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।”
“যখন রক্ষণাত্মক খেলতে হবে, তখন সেরকম মনোভাবই থাকতে হবে… ফুটবল খেলাটাই এমন। আমাদের মূল লক্ষ্যই ছিল প্রথমার্ধ শেষে ইংল্যান্ড দলকে হতাশ করে দেওয়া, যেন তারা গোলের কোনো পথ খুঁজে না পায়।”
গাণিতিকভাবে এখনও শেষ বত্রিশে উঠতে পারেনি ঘানা। তবে এখনই নিজেদের নকআউট পর্বের একটি দল হিসেবে দেখছেন কেইরস, “প্রথম লক্ষ্য অর্জন করতে পেরেছি, আমরা দ্বিতীয় রাউন্ডে উঠে গেছি।”
শেষ গ্রুপ ম্যাচে আগামী শনিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ঘানা।