১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ম‍্যাচের জন‍্য মায়ামিতে যেতে উরুগুয়ের ফ্লাইট বিলম্ব

কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক হোসে মারিয়ে হিমেনেস বলেছেন, এই দেরির জন‍্য দলের কোনো সমস‍্যা হয়নি।

ম‍্যাচের জন‍্য মায়ামিতে যেতে উরুগুয়ের ফ্লাইট বিলম্ব
অনুশীলনে উরুগুয়ে দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 12:16 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বিশ্বকাপ অভিযান শুরুর আগে ফ্লাইট বিলম্বে ঝামেলায় পড়েছিল উরুগুয়ে। সমস‍্যা কেটে যাওয়ার পর মেক্সিকো থেকে মায়ামিতে পৌঁছেছে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা। 

মেক্সিকোর প্লায়াল দেল কারমেনে ক‍্যাম্প উরুগুয়ের। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে ‘এইচ’ গ্রুপের ম‍্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে তারা।

ফিফা এক বিবৃতিতে উরুগুয়ে দলের ফ্লাইট বিলম্ব হওয়ার কথা বলেছে।

“মেক্সিকোতে এয়ারলাইনের অনুমতিজনিত ত্রুটির জন‍্য উরুগুয়ে জাতীয় দলের কানকুন থেকে মায়ামি আসতে দেরি হয়েছে। এই অসুবিধার জন‍্য এয়ারলাইন ক্ষমা চেয়েছে।” 

ফিফা বলেছে, এই বিলম্বের সময়টায় উরুগুয়ে দলের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখে তারা। প্রক্রিয়ার গতি বাড়াতে এবং ভ্রমণের সময় দলের ঝামেলা ন‍্যুনতম পর্যায়ে নামিয়ে আনতে এয়ারপোর্ট ও পার্টনারদের সঙ্গে কাজ করে।

ফ্লাইট বিলম্বে দলের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন না কোচ মার্সেলো বিয়েসলা। একই মত অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার হোসে মারিয়ে হিমেনেসের।

“এই যাত্রায় কিছুটা জটিলতা হয়েছিল। এটা কঠিন ছিল, তবে আমরা হোটেলে বিশ্রাম নিয়েছি এবং এখানে দেরিতে এসেছি।”